নেতাদের নিয়ে জনমনে প্রশ্নের অন্ত নেই। ভোটে জেতার পর বেশিরভাগই বদলে যান। জনসম্পৃক্ততার পরিবর্তে তৈরি হয় জনবিচ্ছিন্নতার বলয়। এবার সেই সকল নেতাদের জবাবদিহিতার আওতায় আনতে একুশে টেলিভিশন শুরু করেছে ভিন্নধর্মী অনুষ্ঠান ‘হ্যালো লিডার’। প্রতি রবিবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত দেখা যাবে অনুষ্ঠানটি। পুনঃপ্রচার হবে রাত ২টা ও পরদিন সকাল ৭টা থেকে ৮টা। জবাবদিহিতামূলক অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সাংবাদিক ড. অখিল পোদ্দার। প্রযোজনা করেছেন হাসান শহিদ ফেরদৌস।
পেশায় সাংবাদিক ড. অখিল পোদ্দারের জন্ম কুষ্টিয়ার খোকসা থানার বরইচারা গ্রামে। বেড়ে ওঠা সেখানেই, পোদ্দার বাড়ির আলো-আঁধারে। লেখাপড়া করেছেন বাংলা ভাষা ও সাহিত্যে। অর্জন করেছেন পি এইচডি ডিগ্রি। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে সাংবাদিকতায় হাতেখড়ি। অপরাধ বিটের প্রধান হিসেবে অখিল পোদ্দার ‘জনদুর্ভোগ’ শিরোনামে অনুসন্ধানী রিপোর্ট করে বেশ সুনামও কুড়িয়েছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দুর্ভোগ-দুর্দশা, সামাজিক অপরাধ, অনিয়মের আদ্যোপান্ত প্রতিনিয়ত একুশের পর্দায় তুলে ধরে অর্জন করেছেন জনপ্রিয়তা।