টেস্ট থেকে বিরতি নিলেন মঈন

এক দিন আগেই কেন্দ্রীয় চুক্তির টেস্ট অংশ থেকে বাদ পড়েছেন মঈন আলী। পরের দিনই এই ইংলিশ অলরাউন্ডার জানিয়েছেন, তিনি আপাতত টেস্ট ক্রিকেট খেলবেন না। ভবিষ্যতে এই ফরম্যাট আবার খেলবেন না, তা বলেননি। তবে আপাতত সাদা পোশাকের ক্রিকেট থেকে একটা বিরতি নিতে চাইছেন। তিনি বলেছেন, ‘আমি পরিবারের সঙ্গে আরেকটু সময় কাটাতে চাই। আমি গত পাঁচ বছর ধরে ইংল্যান্ডে হয়ে খেলছি। এটা খুব কঠিন। টেস্ট ক্রিকেটে নিবিড় চাহিদা অনেক বেশি। ফলে আমার একটা বিরতি দরকার।’ ইসিবির ক্রিকেট পরিচালক অ্যাশলে জাইলস মঈনের সঙ্গে একমত হয়েছেন। এভাবে টানা খেলে যাওয়া যে ক্লান্তিকর এবং তার বিরতি দরকার, এটা তারা মেনে নিয়েছেন।