আত্মবিশ্বাস বাড়াতে চায় ভারত

আজ তৃতীয় টি-টোয়েন্টি

 স্পোর্টস ডেস্ক

এম চিন্নাস্বামী স্টেডিয়াম মাঠটা বিরাট কোহলির জন্য খুবই পরিচিত। কারণ এটা হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের হোমগ্রাউন্ড। আর কোহলি দীর্ঘদিন ধরে এই দলে খেলছেন, অধিনায়কত্বও করছেন। আজ এই মাঠেই সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।

ধর্মশালায় প্রথম ম্যাচটা বৃষ্টিতে বাতিল হয়ে যায়। এরপর দ্বিতীয় ম্যাচে মোহালিতে ৭ উইকেটের বিশাল জয় পায় ভারত। এবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজ শেষ করতে মরিয়া স্বাগতিক ভারত।

ভারতের ওপেনার শিখর ধাওয়ান মনে করছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ম্যাচটা হবে তরুণদের জন্য নিজেদের প্রমাণের আরেকটি উপলক্ষ্য। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ওয়াশিংটন (সুন্দর) খুব ভালো বোলিং করছেন। আমাদের প্রয়োজনের সময় উইকেট দিচ্ছেন। ব্যাটসম্যানদের ঝুঁকি নিতে বাধ্য করছেন। তার বৈচিত্র্যও অনেক। আর দীপক চাহার দুই দিকেই একই সঙ্গে সুইং পাচ্ছেন। এই ম্যাচটা ওদের আবারও নিজেদের প্রমাণের দারুণ একটা মঞ্চ হতে যাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আর বেশি দিন বাকি নেই। এর আগেই নিজেদের সক্ষমতার পরিচয় দেওয়াটা দলের জন্য ইতিবাচক ব্যাপার।’

অন্যদিকে, সফরকারী দল দক্ষিণ আফ্রিকা সিরিজে সমতা ফেরাতে মরিয়া। কুইন্টন ডি ককের নেতৃত্বে প্রোটিয়া দলটির পক্ষে ফর্মে থাকা বিরাটের দলকে হারিয়ে কাজটা করা সহজ হবে না। একে তো ভারত খেলছে নিজেদের মাটিতে, তার ওপর মুখোমুখি লড়াইয়েও এগিয়ে আছে কোহলিরাই। ১৪ ম্যাচে মুখোমুখি হয়ে মাত্র পাঁচটিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ভারতের জয় নয়টিতে।

 প্রোটিয়া ওপেনার রেজা হেনড্রিকস মনে করছেন, ব্যাটসম্যানদের আরো দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে আগের ম্যাচে ব্যাটিংয়ে আমাদের শুরুটা কিন্তু ভালো ছিল। পরের দিকের ব্যাটসম্যানরা ভালো করতে না পারায় ভারতের বিপক্ষে লড়াকু সংগ্রহ পায়নি দক্ষিণ আফ্রিকা। তাই সিরিজ বাঁচাতে ব্যাটসম্যানদের আরো দায়িত্বশীল হতে হবে।’