প্রথম জয়ে সেমির পথে বাংলাদেশ

নেপালে সাফ অনূর্ধ্ব-১৮

 স্পোর্টস রিপোর্টার

ফুটবলের জন্য গতকাল দারুণ একটা দিন গেছে। আগের রাতে কাতারে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল দল ভুটানকে ৩-০ গোলে হারিয়ে জয় উপহার দিয়েছে। গতকাল থাইল্যান্ডে যখন এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তহুরার জোড়া গোলের পরও জিততে জিততেও জয়টা পায়নি। ১ পয়েন্ট পেয়েছে। ঠিক তখন নেপালের শহর কাঠমান্ডুতে সাফের খেলায় বাংলাদেশ জয় উপহার দিয়েছে। গ্রুপ পর্বে গতকালই বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল। বাংলাদেশ ৩-২ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে জয়ে পেয়েছে। এই জয়ের সুবাদে বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ ফুটবল দল সেমিফাইনালের পথে এগিয়ে গেল। কারণ গ্রুপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ছাড়াও রয়েছে শক্তিশালী ভারত। বাংলাদেশের সামনে কালকের ম্যাচটাই ছিল টুর্নামেন্টের জন্য অলিখিত ‘ফাইনাল’ ম্যাচ। কারণ আগামীকাল যদি বাংলাদেশ ভারতের সঙ্গে ড্র করে এবং ভারত ও শ্রীলঙ্কা ম্যাচের রেজাল্টা যেটাই হোক বাংলাদেশ সেমিফাইনালে উঠে যাবে। বাংলাদেশ এখন ভারতের বিপক্ষে হারলে সীমকরণ কঠিন হয়ে যাবে। সহজ পথে হাঁটলে বাংলাদেশের জন্য ড্র চাই। কিন্তু এই টুর্নামেন্টের ইতিহাস বলছে ভারতের বিপক্ষে বাংলাদেশ ৩ গোলে পিছিয়ে থাকার পরও ৪-৩ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল। নেপালে ম্যাচ শেষে খেলোয়াড় কোচ কর্মকর্তারা জানিয়েছেন তারা ভারতের বিপক্ষে জয়ের টার্গেট নিয়ে মাঠে নামবেন।

শ্রীলঙ্কা এই টুর্নামেন্টে প্রথমবার খেলছে। নানা সমস্যার কারণে তারা বয়সভিত্তিক ফুটবল এড়িয়ে চলছিল। সেই পর্দা সরিয়ে আবার যখন মাঠে নামল তখন প্রথম খেলায় হারল। হারলেও কাল বাংলাদেশের বিপক্ষে লড়াই করেছে। প্রথম মিনিটে তানভির হোসেনের গোলে এগিয়ে যাওয়ার (১-০) পর শ্রীলঙ্কা ৫৬ ও ৭৬ মিনিটে গোলে করে এগিয়েও (২-১) ছিল। ৭৭ মিনিটে ফাহিম মোরশেদ (২-২) এবং ৮৬ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের গোলে (৩-২) জয় ছিনিয়ে আনে বাংলাদেশ।