কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা
কাপ্তাই উপজেলাসহ রাজস্থলী এলাকা থেকে চাঁদাবাজ ও সন্ত্রাসী কার্যক্রম দূর করতে সেনাবাহিনী সব রকম ভূমিকা নিতে প্রস্তুত। গতকাল শনিবার ২৩ ইস্ট বেঙ্গল কাপ্তাই সেনা জোনের উদ্যোগে সিপাহী আফজাল হলে আয়োজিত হেডম্যান ও কারবারি সম্মেলনে কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্ণেল মো. তৌহিদ উজ্জামান এ কথা বলেন। তিনি বলেন, গত মাসে রাজস্থলী উপজেলায় সেনা টহলের সময় পাহাড়ি সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে নাসিম নামক সেনাবাহিনীর এক সৈনিককে হত্যা করে। সন্ত্রাসীরা যদি মনে করে যে চোরাগুপ্তা হামলা করে সেনাবাহিনীর কাজ দমন করা যাবে তাহবে অত্যন্ত ভুল।
কাপ্তাই জোন উপ-অধিনায়ক মেজর মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় হেডম্যান ও কারবারি সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক, কর্ণফুলী পানি বিদ্যুেকন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জুনায়েত কাউছার, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আব্দুল মতিন হাওলাদার, ১০ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক রাকিবুল ইসলাম, ক্যাপ্টেন মো. এনামুল কবির, কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন ও কাপ্তাই ইউপি চেয়ারম্যান মো. আব্দুল লতিফ।