জাতীয় সংসদ, সিটি, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন যৌক্তিক কারণেই শব্দদূষণের কথা বিবেচনা করে মাইকে প্রচারণার সময় নির্ধারণ করে দেন দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত। অথচ উপর্যুক্ত নির্বাচনগুলো ছাড়াও বিভিন্ন প্রচারণায় মাইক সারা বছর লাগামহীনভাবে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে বাজাতে থাকে—শব্দদূষণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে। বিশেষ করে জেলা-উপজেলা শহরগুলোতে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন, ব্যবসায় সমিতি, ক্লাব, সামাজিক সংগঠনের নির্বাচন, বিভিন্ন চিকিত্সকের বিজ্ঞাপন, কোম্পানির বিজ্ঞাপন, গরু মহিষ জবাই, গরু ছাগল হারানোসহ নানা ধরনের মাইকিং সকাল থেকে রাত্রি পর্যন্ত চলে। স্কুল-কলেজে পাঠদান, পরীক্ষা কোনো কিছুই তারা মানে না, হাসপাতাল-ক্লিনিকে অসুস্থ মানুষ, অফিস-আদালতে কাজকর্ম, পথচারীদের অসুবিধা কিছুই তাদের বিবেচ্য নয়। পরিশেষে আশা করি, যথাযথ কর্তৃপক্ষ এই মাইক ব্যবহার নিয়ন্ত্রণে উপযুক্ত ব্যবস্থা নিয়ে জনগণকে শব্দদূষণ থেকে মুক্তি দেবেন।
প্রশান্ত কুমার বসাক
প্রভাষক, রাণীশংকৈল ডিগ্রি কলেজ,
রাণীশংকৈল, ঠাকুরগাঁও