জার্মান ব্যান্ড দলের পরিবেশনায় মুগ্ধ শ্রোতা-দর্শক

ইত্তেফাক রিপোর্ট

জার্মান ব্যান্ডের গানের তালে মেতে উঠেছিল বাংলাদেশের তরুণরা। গতকাল শনিবার ধানমন্ডির গ্যেটে ইনস্টিটিউটে জার্মন ব্যান্ড দল এরফিন্ডেনকারের জার্মান ভাষার গান পরিবেশনা মুগ্ধ করে বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের। শিল্পীদের গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে গানের সুরে নেচে দুই ঘণ্টার এ কনসার্ট উপভোগ করেন প্রায় দেশ শতাধিক শিক্ষার্থী। চার সদস্যের জার্মান ব্যান্ড দলটি সর্বমোট ২০টি গান পরিবেশন করে। এছাড়া, বাংলাদেশের শিক্ষার্থীরাও এই দলের সঙ্গে তিনটি গানে অংশ নেয়।

স্যান্দ্রো জন এবং ফ্যাবিও নিহাউস দুই জন সংগীতশিল্পী ২০১০ সালে এরফিন্ডেনকার ব্যান্ডটি প্রতিষ্ঠা করেন এবং ব্যান্ডের স্লোগানগুলো তাদের যাত্রার শুরু থেকেই শিক্ষামূলক-সৃজনশীল-ইন্টারেক্টিভ ছিল। এই ব্যান্ড দলটি তখন থেকেই শিক্ষামূলক সেমিনার এবং শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা পরিচালনা করে আসছে । তারা সংগীত, ভাষা এবং আন্তঃসংস্কৃতির প্রতি তাদের উত্সাহ প্রমাণের মধ্য দিয়ে শ্রোতাদের কাছে পৌঁছতে চায়। তাদের পরিবেশনা বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের আনন্দ দিয়েছে।

গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশের পার্টনার স্কুল প্রকল্পের অধীনে ঢাকায় অবস্থিত চারটি স্কুলের জার্মান ভাষা শিক্ষার্থী ছাত্রছাত্রীদের ভাষা শেখায় আরো বেশি মনোযোগী করতে আয়োজন করা হয়েছিল এই ব্যতিক্রমধর্মী কনসার্টের। গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশে পাশ প্রকল্পের অধীনে ঢাকায় অবস্থিত চারটি সহযোগী স্কুলগুলো হলো : অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, ইউরোপীয় স্ট্যান্ডার্ড স্কুল, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ এবং ম্যাপেল লিফ ইন্টারন্যাশনাল।

এর আগে, ঢাকা সফরের অংশ হিসাবে এরফিন্ডেনকার ব্যান্ডের সদস্যরা গত শুক্রবার চারটি স্কুল থেকে ৪৮ জন শিক্ষার্থী নিয়ে দিনব্যাপী কর্মশালা পরিচালনা করে। কর্মশালার উদ্দেশ্য ছিল, সংগীতের মাধ্যমে কীভাবে শিক্ষার্থীরা জার্মান ভাষায় তাদের দক্ষতা বৃদ্ধি করতে পারে। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শনিবার জার্মান দলটির সঙ্গে যৌথভাবে তিনটি জার্মান গান পরিবেশনার মহড়ায় অংশ গ্রহণ করে। গতকালের কনসার্টে শিক্ষার্থীরা দলটির সঙ্গে গান তিনটি পরিবেশন করে।