চট্টগ্রামে গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ খুনের মামলার আসামি নিহত

নগরীর চান্দগাঁও এলাকায় গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ খুনের মামলার প্রধান আসামি রাসেল (২৩) নিহত হয়েছেন। রাসেল চান্দগাঁও থানার দর্জিপাড়া এলাকার মৃত আবুল বশরের পুত্র। ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার জেলেপাড়া এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

চান্দগাঁও থানার পুলিশ জানায়, বড়ো ভাইকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছোটো ভাই খুনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রাসেল পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

চান্দগাঁও থানার ওসি আবুল কালাম আযাদ বলেন, ‘হত্যাকাণ্ডের পর রাসেল ঢাকায় পালিয়ে গিয়েছিল। শুক্রবার ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে তার কাছে অবৈধ অস্ত্র রয়েছে। পরে তাকে নিয়ে দর্জিপাড়া খেলার মাঠে অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশের উপর গুলি চালায়। দুই পক্ষের গোলাগুলিতে রাসেল গুলিবিদ্ধ হয়। তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করে।’