বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের উচ্চপর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা এখন দুর্নীতিতে নিমজ্জিত, তারই কিছু প্রমাণ গত কয়েকদিন যাবত্ দেখা যাচ্ছে। এমন না যে তারা কেউ জড়িত নেই, সবাই জড়িত আছে। এখন তো কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসছে। জনগণের রোষের কাছে কেউ নিস্তার পাবে না। গতকাল শনিবার সকালে ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে নিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান দেশে ক্যাসিনো চালু করেছেন ওবায়দুল কাদের ও মাহবুব আলম হানিফের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, তারা এই সমস্ত কথা বলে নিজেদের দোষ-ত্রুটি ঢাকতে চান। যুবলীগ-ছাত্রলীগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তারা সবখানেই ভয়াবহ দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে। দেশের জন্য, জনগণের জন্য অত্যন্ত ভয়ংকর একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মির্জা ফখরুল বলেন, আমাদের দুজন তরুণ মেধাবী ছাত্রনেতা নির্বাচিত হয়েছেন। এই নেতৃত্ব দেশনেত্রী ও গণতন্ত্রের মুক্তি আন্দোলনে নিঃসন্দেহে ইতিবাচক ভূমিকা রাখবে। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, নবনির্বাচিত ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন ও ইকবাল হোসেন শ্যামল।