কয়েকটি ভিন্নধর্মী অ্যান্ড্রয়েড ওয়েব ব্রাউজার

মোজাহেদুল ইসলাম ঢেউ

 

তথ্যপ্রযুক্তির এ যুগে আমাদের প্রতিনিয়ত ওয়েব দুনিয়ায় বিচরণ করতে হয়। কখনো কখনো সরাসরি বিভিন্ন সাইটে প্রবেশ করা যায়, আবার কখনো কখনো কোনো সাইটে প্রবেশ করতে হলে ব্রাউজারের সাহায্য নিতে হয়। কম্পিউটারে যেমন ব্রাউজারের প্রয়োজন ঠিক তেমনি স্মার্টফোনেও প্রয়োজন রয়েছে। অ্যান্ড্রয়েড ভার্সনে অধিকাংশ ওয়েব ব্রাউজার ব্যবহারকারী শুধু দুই-একটা ওয়েব ব্রাউজারকেই চিনেন। এ লেখায় ৫টি ভিন্ন ধর্মী অ্যান্ড্রয়েড ওয়েব ব্রাউজার নিয়ে আলোচনা করা হলো—

আরমরফ্লাই ব্রাউজার

এই ব্রাউজারটি সিএম ব্রাউজারের পরে Cheetah Mobile এর তৈরি আরেকটি ওয়েব ব্রাউজার যা একই ব্রাউজার ইঞ্জিনের ওপরে রান করে। এই ব্রাউজারটিকে আমি বলবো অ্যাড-ফ্রি ইউসি ব্রাউজার। এই ব্রাউজারটির ফাংশনালিটি, ইউজার ইন্টারফেস, ব্রাউজিং এক্সপেরিয়েন্স সবকিছুই প্রায় ইউসি ব্রাউজারের মতোই।

যারা অ্যান্ড্রয়েড ফোনে ইউসি ব্রাউজার ব্যাবহার করেন, তারা সবাই জানেন অ্যান্ড্রয়েডে ইউসি ব্রাউজারের বিরক্তিকর এবং অশ্লীল নোটিফিকেশন অ্যাডসগুলোর বাপারে, যেগুলো কিছুক্ষণ পরপরই নোটিফিকেশন বার অ্যাডস দিয়ে ভর্তি করে ইউজারকে বেশ ভালোরকম সমস্যায় ফেলে দেয়। তবে এই ব্রাউজারটিতে এই ধরনের কোন বিরক্তিকর অ্যাডস নেই। এছাড়া এই অ্যাপটির বাকি সব ফিচারস ইউসি ব্রাউজারের মতোই।

এছাড়া এই ব্রাউজারটির আরও এক্সট্রা কিছু ফিচারসও আছে। যেমন—সিক্রেট ফোল্ডার, যার সাহায্যে এই ব্রাউজারটির সাহায্যে ডাউনলোড করা যেকোনো ফাইল আপনি হাইড করে রাখতে পারবেন যা শুধু এই ব্রাউজারটি ব্যবহার করেই অ্যাকসেস করা যাবে।

 

মাইক্রোসফট ইডিইজি

যারা পিসিতে উইন্ডোজ ১০ ব্যবহার করেন, তারা এই ব্রাউজারটির সঙ্গে বেশ ভালোভাবেই পরিচিত। এটি উইন্ডোজ ১০-এর জন্য মাইক্রোসফটের তৈরি ডিফল্ট ব্রাউজার, যা খুব কম ইউজারই ব্যবহার করে থাকে। যদিও ব্রাউজিং স্পিড এবং ফিচারসের দিক থেকে অন্য যে কোনো মডার্ন ওয়েব ব্রাউজারের থেকে কম যায় না এটি, তবুও গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্সের মতো জনপ্রিয় ওয়েব ব্রাউজারের কাছে এই ব্রাউজারটির জনপ্রিয়তা নেই বললেই চলে। তবে উইন্ডোজ ১০-এর ডিফল্ট ব্রাউজার হওয়ায় এটির কয়েকটি অ্যাডভান্টেজ ঠিকই আছে যেগুলো অন্যান্য ব্রাউজারের নেই।

যেমন— মাইক্রোসফটের অন্যান্য প্রোডাক্টগুলোর সঙ্গে ডিপ ইন্টাগ্রেশন, উইন্ডোজ ১০-এর অন্যান্য সেটিংসের সঙ্গে ডিপ ইন্টাগ্রেশন এবং আরো অনেক কিছু। আপনি যদি উইন্ডোজ ১০-এ সেকেন্ডারি ব্রাউজার হিসেবেও মাইক্রোসফট এজ ব্যবহার করেন অথবা মনে-প্রাণে একজন মাইক্রোসফট ফ্যানবয় হয়ে থাকেন, তাহলে আপনি অ্যান্ড্রয়েডেও মাইক্রোসফট এজ-এর অ্যান্ড্রয়েড ভার্সনটি ব্যবহার করতে পারেন।

 

পুফিন ব্রাউজার

এটি স্মার্টফোনের জন্য অন্যতম জনপ্রিয় একটি ব্রাউজার। আপনি এই ব্রাউজারটির নাম অবশ্যই শুনে থাকবেন এবং হয়তো ব্যবহারও করেছেন। ব্রাউজিং এবং ভিজুয়্যালের দিক থেকে এই ব্রাউজারটি অসাধারণ কোনো ব্রাউজার নয়, তবে এই ব্রাউজারটির কনসেপ্ট বেশ ইনোভেটিভ।

এই ব্রাউজারটি মূলত ব্রাউজিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে ক্লাউড কম্পিউটিংকে। ক্লাউড কম্পিউটিং ব্যবহার করার মাধ্যমে এটি আরও ফাস্ট ব্রাউজিং এক্সপেরিয়েনস দেওয়ার দাবি করে এবং আমার নিজের অভিজ্ঞতা অনুযায়ী তাদের এই দাবিটি অধিকাংশ ক্ষেত্রে সত্যি। এই ব্রাউজারটি সত্যিই অন্যান্য অনেক জনপ্রিয় ব্রাউজারের তুলনায় কিছুটা ফাস্ট পেজ লোড করে। এর কারণ হচ্ছে, এই ব্রাউজারটির সাহায্যে যখন আপনি কোনো ওয়েবপেজ লোড করেন, তখন ব্রাউজারটি আপনার রিকুয়েস্ট আপনার ডিভাইস এবং আপনার ইন্টারনেট থেকে সেন্ড করে না। বরং রিকুয়েস্টটি সেন্ড করা হয় তাদের হাই পারফরমেনস ক্লাউড কম্পিউটার থেকে এবং সম্পূর্ণ ওয়েবপেজটিকেই রেন্ডার করা হয় তাদের হাই অ্যান্ড ক্লাউড কম্পিউটার থেকে এবং সেটিকে আপনার ডিভাইসে দেখানো হয়। তাই পেজটিকে যেহেতু আপনার ডিভাইসকে রেন্ডার করতে হচ্ছে না, তাই তুলনামূলকভাবে আরেকটু ফাস্ট লোড হয় পেজগুলো।

 

অপেরা টাচ

উইন্ডোজ পিসি এবং অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, অথচ অপেরা ব্রাউজার চেনে না এমন ইউজার খুবই কম আছে। তবে অধিকাংশ ইউজারই অ্যান্ড্রয়েডে অপেরার শুধু দুটি ব্রাউজারই চেনে। অপেরা ব্রাউজার এবং অপেরা মিনি। তবে অপেরা সম্প্রতি তাদের এই নতুন ব্রাউজারটি রিলিজ করেছে প্লে স্টোরে যেটির নাম অপেরা টাচ।

এই ব্রাউজারটি স্পেশালি ওয়ান-হ্যান্ডেড নেভিগেশনের জন্য তৈরি করা হয়েছে। অর্থাত্ এই ব্রাউজারটি যেকোনো সাইজের স্মার্টফোনেই এক হাতে ধরে ভালোভাবে ব্রাউজ করার জন্য পারফেক্ট।

স্ট্যান্ডার্ড অপেরা ব্রাউজার যে ব্রাউজিং ইঞ্জিন ব্যবহার করে, সেই একই ইঞ্জিন ব্যবহার করার ফলে অরিজিনাল অপেরা ব্রাউজারের সঙ্গে স্পিডের তেমন কোনো পার্থক্য নেই। তবে এই ভার্সনটিতে আরেকটি এক্সট্রা ফিচার আছে যার নাম অপেরা ফ্লো। এর সাহায্যে অপেরা টাচ ব্রাউজারটি থেকে যেকোনো ওয়েবপেজ বা যেকোনো ওয়েবসাইট ব্রাউজ করার সময় পিসির অফিশিয়াল অপেরা ব্রাউজারে ট্রান্সফার করা যাবে পিসিতে ব্রাউজ করার জন্য।

ভিআইএ ব্রাউজার

এই ব্রাউজারটি এতটাই ভালো যে অনেক জনপ্রিয় কাস্টম রমে এই ব্রাউজারটিকে ডিফল্ট ওয়েব ব্রাউজার হিসেবে দেওয়া হয়। ১ এমবি এরও কম সাইজের এই ব্রাউজারটি ফোকাস করে সিমপ্লিসিটি এবং মিনিমাল ইউজার ইন্টারফেসের দিকে। এই ব্রাউজারটির মিনিমাল এবং ক্লিন ইউজার ইন্টারফেস প্রথমবার দেখেই যে কারো ভালো লাগতে বাধ্য। এই ব্রাউজারটিতে শুধু যা যা দরকার তা-ই তা-ই আছে। এক্সট্রা এমন কোনো ফিচার নেই যেগুলো অপ্রয়োজনীয় এবং কেউ খুব বেশি ব্যবহার করবে না। যেমন অপেরা ফ্লো বা এই ধরনের কোন ফ্যানি্স ফিচার। এই ব্রাউজারটি একেবারেই অ্যাড-ফ্রি। আপনি এই লিস্টের শুধু একটি ব্রাউজার ব্যবহার করতে চাইলে আমি সাজেস্ট করব এই ব্রাউজারটি ব্যবহার করতে।