মিলান ডার্বি জিতে শীর্ষে ইন্টার
স্পোর্টস ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনালদোর জয়সূচক পেনাল্টি সিরি’আতে হেলাস ভেরোনার বিপক্ষে জুভেন্তাসকে ২-১ গোলের জয় এনে দিয়েছে। দিনের অন্য ম্যাচে মিলান ডার্বিতে ২-০ গোলের জয় নিয়ে ইতালীয় লিগে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে ইন্টার মিলান।
শনিবার রাতে নিজেদের মাঠে ম্যাচটির শুরুতেই পিছিয়ে পড়েছিল জুভেন্তাস। ২১ মিনিটে মিগুয়েল ভালেসোর গোলটি তারা শোধ করে ৯ মিনিট পর। সিরি’আ শিরোপাধারীদের হয়ে প্রথমবারের মতো গোল করেন অ্যারন রামসে। ৪৯তম মিনিটে দলের জয়সূচক গোলটি করেন রোনালদো।
কষ্টার্জিত এ জয়ের পর দলটির কোচ মাউরিজিও সারি জানালেন, টানা ম্যাচ খেলার অবসাদই শুরুতে পিছিয়ে পড়ার কারণ ছিল। তিনি বলেন, ‘সম্ভবত মানসিক অবসাদ ছিল কারণ একটা ম্যাচ খেলার দুই দিন পরই পুনরায় ম্যাচ খেলতে হচ্ছে আপনাকে।’
বল ধরে রেখে আক্রমণে ওঠার কৌশল রপ্ত করতে আরো কিছুদিন সময় দরকার জুভেন্তাসের, অভিমত সারির, ‘বড়ো পরিবর্তন ঘটলে কিছুটা ভারসাম্যও হারান আপনি। এটাই দেখেছি আমরা। শুরুতে কিছুটা অগোছাল খেলেছি আমরা। দলটা এখনো নির্মাণাধীন।’
এদিকে মিলান ডার্বিতে এসি মিলানকে মার্সেলো ব্রজোভিচ ও রোমেলু লুকাকুর গোলে হারিয়েছে ইন্টার মিলান। এ জয়ে জুভেন্তাসকে টপকে সিরি’আ পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে কোচ অ্যান্তোনিও কন্তের দল।