টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফে দুই ভুয়া বিজিবি সদস্যকে আটক করা হয়েছে। গতকাল রবিবার টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন সদরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খানসহ কর্মকর্তারা জানান, টেকনাফে চলমান মাদকবিরোধী অভিযানে গত ৩ আগস্ট মো. ওয়াস করিম (২৮) নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন ইয়াবা পাচারকারী হিসেবে আটক করা হয়। এ ঘটনাকে পুঁজি করে টেকনাফ সদর ইউনিয়নের হাবিব পাড়ার আব্দুল গণির পুত্র মো. বাহাদুর (১৮) ও মৃত আলী আহমদের পুত্র মো. শামসুল আলম (২৫) পরস্পর যোগসাজশে তাকে ছাড়িয়ে নেওয়ার কথা বলে ওয়াস করিমের বোনজামাই হতে জনৈক ইব্রাহীমসহ মিলে ২৫ হাজার টাকা গ্রহণ করে।
পরে জিজ্ঞাসাবাদ শেষে বিজিবি ওয়াস করিমকে ছেড়ে দেয়। সে বাড়ি গিয়ে তাকে ছাড়িয়ে নেওয়ার নামে চাঁদাবাজির কথা জানতে পারে। বিষয়টি স্থানীয় বিজিবিকে অবহিত করলে বিজিবি তদন্তের মাধ্যমে বাহাদুর ও শামসুকে আটক করে। ইব্রাহীমকে এখনো আটক করা যায়নি।
এ ঘটনায় ইব্রাহীমকে (৪০) পলাতক আসামি করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আটক দুই ভুয়া বিজিবিকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।