পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ছিনতাই

দুই কিশোর আটক

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে কিশোরকে আটক করা হয়েছে। ঐ ট্রেনের এক যাত্রীর ব্যাগ নিয়ে পালানোর সময় যাত্রীরা এই দুই জন কিশোরকে আটক করে। অন্য সদস্যরা ট্রেন থেকে ঝাঁপিয়ে পালিয়ে যায়। পরে তাদের রেলওয়ে নিরাপত্তা পুলিশের কাছে সোপর্দ করে যাত্রীরা। আটককৃতরা হলেন—সিলেট জেলার শ্রীমঙ্গলের বিরামপুর এলাকার আজাদুর রহমানের ছেলে সাব্বির (১৩), কিশোরগঞ্জ জেলার লাইখোলা এলাকার মাহাতাবের ছেলে মামুন (১৪)। আটক কিশোরদের পার্বতীপুর রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় ঐ থানায় ছিনতাইয়ের মামলা হবে বলে রেলওয়ে পুলিশ জানিয়েছে।  

জানা গেছে, পঞ্চগড় জেলার বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের আনসারুল হক তার স্ত্রী তানজিনা বেগম চাকরির সুবাদে ঢাকার উত্তরায় থাকেন। ভাতিজির বিয়েতে অংশগ্রহণের জন্য মেয়েকে নিয়ে শনিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেসে করে গ্রামের বাড়িতে ফিরছিলেন। ছিনতাইকারী একদল কিশোর বিমানবন্দর স্টেশন থেকে পঞ্চগড় এক্সপ্রেসে ওঠেন। বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর ঐ কিশোর ছিনতাইকারীরা আনসারুল হকের টাকা, স্বর্ণালংকার এবং প্রয়োজনীয় মালামালের একটি ব্যাগ ছিনতাই করে জানালা দিয়ে ফেলে দেন। এ সময় যাত্রীরা ছোটাছুটি করে ঐ দুই জনকে আটক করে। ছিনতাইকারী চক্রের বাকি সদস্যরা ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। আটককৃত ঐ দুই কিশোরকে রেলওয়ে নিরাপত্তা পুলিশের কাছে সোপর্দ করা হয়। রেলওয়ে পুলিশের তত্ত্বাবধানে তাদেরকে প্রথমে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হয়। রবিবার বিকালে তাদের পার্বতীপুর রেলওয়ে থানায় স্থানান্তর করা হয়।

রেলওয়ে নিরাপত্তা পুলিশের এসআই শেখ তায়েবুল ইসলাম জানান, ছিনতাইয়ের ঘটনায় দুই কিশোর আটক করা হয়েছে। আটককৃত শিশুরা পুলিশকে জানায়, ১৫/২০ জনের একটি কিশোর ছিনতাইকারীচক্র এয়ারপোর্ট এলাকার রুমি নামের এক মহিলার নিয়ন্ত্রণে থাকেন। মাঝে মাঝে তাদের ছিনতাইয়ের ট্রেনিং দেওয়া হয়। জড়িত অন্যদের আটকের চেষ্টা করা হচ্ছে।