এইচএসসি পরীক্ষা-২০১৯

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা প্রথমপত্র কিভাবে ভালো ফলাফল অর্জন করা যায়

মো. শহিদুল ইসলাম

প্রভাষক (হিসাববিজ্ঞান)

বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজ

ব্রাহ্মণবাড়িয়া

 

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? তোমাদের এইচএসসি পরীক্ষা সামানে, তাই আজ আমি তোমাদের ফিন্যান্স ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের বিষয়ে কীভাবে ভালো ফলাফল অর্জন করা যায় সে বিষয়ে কিছু টিপস্ দিব যা তোমাদের অনেক উপকারে আসবে।

 

প্রথমত সৃজনশীল অংশের ক্ষেত্রে বইয়ের নিম্নের ৭টি অধ্যায় ভালোভাবে পড়লে পরীক্ষায় ভালো করা যাবে। নিম্নে অধ্যায়গুলোর বিস্তারিত তুলে ধরা হলো।

৩য় অধ্যায় : বর্তমান মূল্য হতে ভবিষ্যত্ মূল্য, ভবিষ্যত্ মূল্য হতে বর্তমান মূল্য, কিস্তি হতে বর্তমান মূল্য ও ভবিষ্যত্ মূল্য নির্ণয়, ঋণের টাকার কিস্তি নির্ণয় এবং ঋণ পরিশোধ তালিকা প্রণয়ন। সুদের হার ও সময় নির্ণয় এবং কার্যকরী সুদের হার নির্ণয় করা ভালোভাবে জানতে হবে।

৪র্থ অধ্যায় : সমচ্ছেদ বিন্দু একক ও টাকা নির্ণয়, সমচ্ছেদ বিন্দুর সত্যতা যাচাই এবং চিত্রের মাধ্যমে উপস্থাপন। নিরাপত্তা প্রান্ত টাকা ও অনুপাত নির্ণয় করে সিদ্ধান্ত দেয়া। প্রত্যাশিত বিক্রয় ও প্রত্যাশিত মুনাফা নির্ণয় করা এবং নগদ প্রবাহ বিবরণী তৈরি করা সম্পর্কে জানতে হবে।

৫ম অধ্যায় : ব্যবসায় ঋণের ব্যয়, ব্যাংক ঋণের ব্যয়, বাণিজ্যিক পত্রের ব্যয় নির্ণয় করতে হবে। মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ ও মোট মজুদ ব্যয় নির্ণয় করা এবং নগদ ব্যবস্থাপনার ক্ষেত্রে নূন্যতম নগদ অর্থ ও কাম্য নগদ অর্থ নির্ণয় করা সম্পর্কে জানতে হবে।

৬ষ্ঠ অধ্যায় : বিভিন্ন ধরনের বন্ডের (কুপন বন্ড, জিরো কুপন বন্ড, অসীম বন্ড) মূল্য নির্ণয় করে তুলনামূলক সিদ্ধান্ত দিতে হবে। সাধারণ শেয়ারের মূল্য নির্ণয় এবং অগ্রাধিকার শেয়ারের মূল্য নির্ণয় করে শেয়ার ক্রয় করা উচিত কিনা সে সম্পর্কে সিদ্ধান্ত দিতে হবে। প্রয়োজনীয় আয়ের হার নির্ণয় করে সিদ্ধান্ত দেয়া জানতে হবে।

৭ম অধ্যায় : বিভিন্ন ধরনের মূলধন ব্যয় কিভাবে নির্ণয় করা হয়? ভার আরোপিত মূলধন ব্যয় কিভাবে নির্ণয় করা হয় সেটি জানতে হবে। মূলধনের অনুপাত পরিবর্তন করে বা মূলধনের পরিমাণ পরিবর্তন করে গড় মূলধন ব্যয় নির্ণয় করতে হবে এবং তুলনামূলক সিদ্ধান্ত দিতে হবে।

৮ম অধ্যায় : পে ব্যাক সময়, গড় মুনাফার হার, নিট বর্তমান মূল্য, অভ্যন্তরীন উপার্জন হার নির্ণয় করে সিদ্ধান্ত দেয়া সম্পর্কে জানতে হবে। সেক্ষেত্রে আন্ত:প্রবাহটি করপূর্ব নাকি করপরবর্তী সেটির দিকে খেয়াল করতে হবে এবং আন্ত:প্রবাহটি সমান নাকি অসমান সেটির দিকেও খেয়াল রাখতে হবে।

৯ম অধ্যায় : কয়েক বছরের আয়ের হার থেকে অথবা আয়ের হার ও সম্ভাবনা থেকে গড় আয়ের হার নির্ণয়, আদর্শ বিচ্যুতি/ঝুঁকি নির্ণয় করা এবং বিভেদাংক নির্ণয় করে প্রাপ্ত ফলাফল দ্বারা সিদ্ধান্ত দেয়া সম্পর্কে জানতে হবে। পোর্টফোলিও আয়ের হার ও পোর্টফোলিও ঝুঁকির হার কিভাবে এবং কেন নির্ণয় করা হয় সেটি জানতে হবে।

বহুনির্বাচনি অংশের ক্ষেত্রে এনসিটিবি কর্তৃক অনুমোদিত বইয়ের সকল অধ্যায় ভালোভাবে বুঝে পড়তে হবে। এক্ষেত্রে বইয়ের প্রতিটি লাইন যদি ভালোভাবে পড়া যায় তাহলে আশা করা যায় ৩০ টি বহুনির্বাচনি প্রশ্ন সঠিকভাবে উত্তর করা যাবে। বিভিন্ন মনীষীর সংজ্ঞা, বিভিন্ন সাল, পূর্ণরূপ, উদ্দেশ্য, কার্যাবলী সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে।ধী