ভূঞাপুরে নৌকাডুবিতে একজনের মৃত্যু

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

ভূঞাপুরে রবিবার দুপুরে যমুনা নদীতে নৌকাডুবিতে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম জলিল মণ্ডল (৬০)। তিনি উপজেলার গাবসারা ইউনিয়নের ভদ্রশিমুল গ্রামের বাসিন্দা। এঘটনায় নৌকাতে থাকা বেশ কয়েকজন আহত হয়েছে। গাবসারা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির জানান, উপজেলার গাবসারা ইউনিয়নের ভদ্রশিমুল থেকে ধান, গম, পাটসহ বিভিন্ন ধরনের মালামাল নিয়ে ৩০-৪০ জনের একটি নৌকা গোবিন্দাসী হাটে যাচ্ছিল। এ সময় যমুনা নদীতে ব্যাপক স্রোত থাকায় নৌকাটি কালিপুর এলাকায় ডুবে যায়। এতে জলিল মণ্ডল মারা যান। বাকিরা সাঁতরে তীরে চলে আসে। নৌকাডুবির ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তবে নৌকা যমুনা নদীতে তলিয়ে যাওয়ায় এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।