চুয়াডাঙ্গায় অ্যাডভোকেট শফিককে কুপিয়ে আহত গ্রেফতার সাত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় শনিবার রাতে জেলা যুবলীগের সাবেক যুব, ক্রীড়াবিষয়ক সম্পাদক ও এপিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। পুলিশ এ ঘটনায় তাত্ক্ষণিকভাবে সাত জনকে গ্রেফতার করেছে। ঘটনার সময় চুয়াডাঙ্গা জেলা শহরের রেলবাজার জনতা ব্যাংক শাখা কার্যালয় সংলগ্ন রাস্তার পাশে একটি চায়ের দোকানে প্রতিদিনের মতো বসেছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফি। এ সময় ধারালো দেশীয় অস্ত্রে সজ্জিত পাঁচ-ছয় জনের একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। খবর পেয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে আসেন। পরে উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়। এদিকে ঘটনার প্রতিবাদে রাতেই চুয়াডাঙ্গা জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।