পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই দক্ষিণ অঞ্চল কপিলমুনি শাখার দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পাইকগাছা থানার ওসি ইমদাদুল শেখ মোটরবাইক চালকদের জন্য পদক্ষেপ নিয়েছেন। বর্তমানে পাইকগাছার সকল বাজারে জ্বালানি তেল নিতে গেলে বাইক চালকের হেলমেট থাকতে হবে। হেলমেট না থাকলে জ্বালানি তেল দেবেন না কোনো দোকানদার।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার সর্বত্র এখন জ্বালানি তেল বিক্রির প্রতিনিধিরা দোকানের সামনে ব্যানার-ফেস্টুন টাঙিয়ে রেখেছেন। সেই সঙ্গে এখন সকল বাইকচালককে হেলমেট ব্যবহার করতে দেখা যাচ্ছে। ভাড়ায় চালিত মোটরবাইক চালক গোলাম রাব্বানী শেখ বলেন, আমাদের জন্য ভালোই হয়েছে। কারণ আমরা প্রতিদিন ঝুঁকি নিয়ে ভাড়ায় চালাই এবং অনেকদূর যেতে হয়। এদিকে সবাইকে এ নিয়ম মেনে চলার মরামর্শ দিয়েছেন পাইকগাছা থানার ওসি ইমদাদুল শেখ।