জেএমবির পাঁচ জঙ্গির ১২ বছর করে দণ্ড

সারাদেশে একযোগে বোমা হামলা

কোর্ট রিপোর্টার

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে বোমা হামলার ঘটনায় জামায়াতে মুজাহিদীন (জেএমবি) এর পাঁচ জঙ্গিকে ১২ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকার মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক আল মামুন এ রায় দেন। আসামিদের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে অতিরিক্ত ৬ মাস করে কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

দণ্ডিতরা হলেন, আবদুল্লাহ আল সুহাইল, আবদুর রহমান মাসুদ ও নূরুল ইসলাম ওরফে উজ্জ্বল ওরফে জুবায়ের, হাবিবুর রহমান ওরফে হাবিব (পলাতক), মুসা ওরফে মুস্তাফিজুর রহমান ওরফে সামাদ ওরফে মিন্টু (পলাতক)। রায় ঘোষণার আগে কারাগারে থাকা তিন জনকে এজলাসে আনা হয়। পরে তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার বিচার চলাকালে চার্জশিটভুক্ত ১৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। এর আগে ২০০৬ সালের ১২ জুন আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ গঠন করা হয়। আগের বছরের ২ নভেম্বর সম্পূরক চার্জশিট দাখিল করা হয়।

অভিযোগ আনা হয়, ২০০৫ সালে ১৭ আগস্ট সকাল ১১টার দিকে রাজধানীর খিলক্ষেত ওভারব্রিজের কাছে রাজউক মার্কেটের সামনে জনগণের জানমালের ক্ষতিসাধনের জন্য বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঐ ঘটনায় খিলক্ষেত থানার তত্কালীন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাউছার আলম সংশ্লিষ্ট আইনে মামলা করেন। ট্রাইব্যুনালের পিপি মো. শাহাবুদ্দিন জানান, জেএমবি নেতা আতাউর রহমান সানিও এ মামলায় আসামি ছিলেন। এ মামলার বিচার চলাকালীন অপর একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হলে ২০০৭ সালের ২৯ মার্চ তার ফাঁসি কার্যকর করা হয়।