ইত্তেফাক রিপোর্ট
ওয়াক্ফ প্রতিষ্ঠান হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক হাকীম ইউছুফ হারুন ভূঁইয়া একাত্তরে যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ করেছে লিগ্যাল এইড অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির উপদেষ্টা ড. সুফি সাগর সামস গতকাল রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে বলেন, ইউছুফ হারুনের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী বিভিন্ন অভিযোগের ইতিমধ্যে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমরা অবিলম্বে তাকে গ্রেফতারের ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।
বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনের শুরুতে বহিরাগত একদল দুষ্কৃতকারী হামলা চালায় বলে অভিযোগ করেন সুফি সাগর। তার অভিযোগ, হামদর্দের ব্যানার নিয়ে একদল সন্ত্রাসী ডিআরইউ মিলনায়তনে প্রবেশ করে। তারা তাকে মারতে উদ্যত হয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সাংবাদিক পরিচয়ে আরেক দল লোককেও তাদের সঙ্গে যোগ দিতে দেখা যায়। পরে উপস্থিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও ডিআরইউর কর্মচারীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
০