ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দের। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের খেলাধুলা, সৃজনশীল কর্মকাণ্ড এবং জাতীয় সংগীতের সমাবেশ বিঘ্নিত হচ্ছে দীর্ঘদিন ধরে।
বিদ্যালয়টিতে চার জন শিক্ষক ও ১৮৭ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে একটি দ্বিতল ভবন রয়েছে। দ্বিতীয়তলায় ক্লাসরুম হিসেবে ব্যবহূত হয়। নিচতলায় মা ও অভিভাবক সমাবেশ নিয়মিত হতো। এখন তাও বন্ধ রয়েছে। বিদ্যালয়ের মাঠটি বিদ্যালয় ও রাস্তা থেকে তিন/চার ফুট নিচু হওয়ায় বৃষ্টি হলে আশপাশের পানি মাঠে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে দুর্ভোগ পোহাতে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, বৃষ্টি হলে মাঠের পানি ড্রেন দিয়ে পার্শ্ববর্তী খালে এক/দুই ঘন্টায় পানি নেমে যেত। কিন্তু এখন ড্রেন বন্ধ করে দেওয়ায় পানি আর খালে নামতে পারে না। এ কারণে আমরা খেলাধুলা ও অ্যাসেম্বলি করতে পারি না। জাতীয় সংগীতও গাওয়া হয় না। এতে শিক্ষার্থীদের খেলাধুলা, সৃজনশীল কর্মকাণ্ড এবং জাতীয় সংগীতের সমাবেশসহ সার্বিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
এলাকাবাসী জানান, এ মাঠে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলাসহ নানা সামাজিক অনুষ্ঠান করে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এ এলাকার কোনো লোক মারা গেলে এই মাঠে জানাজা হতো। তাও বন্ধ হয়ে গেছে। অতিদ্রুত পানি নিষ্কাশন করা প্রয়োজন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন বেগম জানান, মাঠে আজিজ নামে এক লোক পানি আটকিয়ে মাছ চাষ করছে। সরাইল উপজেলা শিক্ষাঅফিসার আবদুল আজিজ জানান, এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।