রোহিঙ্গা নিয়ে একটি গোষ্ঠী চক্রান্ত করছে :কাদের

সরকার রোহিঙ্গা সংকট মোকাবিলায় বসে নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সরকারের কূটনৈতিক চেষ্টা অব্যাহত রয়েছে।  সে লক্ষ্যে অসুস্থ শরীর নিয়েও জাতিসংঘে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে চীন-ভারতের সঙ্গেও আলোচনা হচ্ছে। এ ইস্যুতে তাদের ভূমিকাটা বেশি কাজে আসবে।

গতকাল রবিবার সকালে কক্সবাজার জেলায় আট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মানবিক কারণে আশ্রয় দেওয়া ১১ লাখ রোহিঙ্গার বোঝা কমাতে চেষ্টা করছে সরকার। কিন্তু বিশৃঙ্খলার উসকানি দিয়ে, রাজনৈতিক ইস্যু হিসেবে বেছে নিয়ে রোহিঙ্গাদের একটি গোষ্ঠী চক্রান্ত করছে। বিশৃঙ্খলার উসকানি না দিয়ে, রাজনৈতিক ইস্যু না করে রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকারকে সহযোগিতা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

পরে ওবায়দুল কাদের কক্সবাজারে নবনির্মিত সড়ক ভবন ও মহাসড়কসমূহের উন্নয়নমূলক আটটি কাজের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সড়ক যোগাযোগে দেশে নিরব বিপ্লব ঘটেছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্থানীয় এমপি সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক ও জাফর আলম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।