‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা দম্পতি নিহত

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা দম্পতি নিহত হয়েছেন। নিহতরা হলেন লেদা সি ব্লকের দিল মোহাম্মদ (৩২) ও তার স্ত্রী জাহেদা (২৭)। গতকাল রবিবার ভোরে টেকনাফের হ্নীলা লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের রাস্তায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে দুটি এলজি, একটি থ্রি-কোয়ার্টার, ৮ রাউন্ড কার্তুজ ও ১২ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, নিহত রোহিঙ্গা দম্পতি ক্যাম্পের চিহ্নিত সন্ত্রাসী ছিল। এ ঘটনায় টেকনাফ থানার পুলিশের এসআই নিজাম, কনস্টেবল শাহাদত ও সুদর্শন আহত হয়েছেন।

টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, গতকাল ভোরে পুলিশের হাতে আটক উপজেলার হ্নীলা ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের শফি উল্লাহকে নিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে পুলিশের তিন সদস্য আহত হন। পুলিশও আত্মরক্ষার্থে পালটা গুলিবর্ষণ করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে তিনটি অবৈধ অস্ত্র, আট রাউন্ড তাজা কার্তুজ ও ১২ রাউন্ড বুলেটের খালি খোসাসহ গুলিবিদ্ধ অবস্থায় ঐ রোহিঙ্গা দম্পতিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দিয়ে কক্সবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।