মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। অনেককে গ্রেফতার করা হয়েছে। খবর বিবিসির
প্রেসিডেন্ট সিসির পদত্যাগের দাবিতে বন্দরনগরী সুয়েজে দুই শতাধিক বিক্ষোভকারী জড়ো হন। প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন বিক্ষোভকারীরা। তবে সিসি এই অভিযোগ অস্বীকার করেছেন। বন্দরনগরীতে বিক্ষোভকারীদের দমনে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এর আগে শুক্রবার কায়রোর তাহরির স্কয়ারে বিক্ষোভ হয়।
২০১৪ সালে সিসি ক্ষমতা নেওয়ার পর খুব কমই বিক্ষোভের ঘটনা ঘটেছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন সিসি। সম্প্রতি বিদেশে অবস্থান করা ব্যবসায়ী এবং অভিনেতা মোহাম্মদ আলী কয়েকটি ভিডিও পোস্ট করেন যেখানে সিসির বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আনেন। তিনি বলেন, প্রেসিডেন্ট বিলাসবহুল বাসভবন ও হোটেলের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার অর্থ ব্যয় করছেন। অথচ অনেক মিশরীয় চরম কষ্টে জীবন-যাপন করছেন। এরপরই মূলত বিক্ষোভ শুরু হয়।