লোহাগড়ায় তিন শিক্ষককে হাতুড়িপেটা

লোহাগড়ার চালিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিন শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। আহতরা হলেন প্রধান শিক্ষক শেখ মো. শাহাবুদ্দিন (৫৫), সহকারী শিক্ষক মো. মহসিন আলম (৪৫) ও মো. সইবুর রহমান। ঐ বিদ্যালয়ের পানির পাম্প চুরির অভিযোগে রকি মোল্যা (৩২) নামে এক দিনমজুরকে নির্যাতনের জেরে গত শনিবার দুপুরে দিনমজুরের পক্ষের লোকজন শিক্ষকদের ওপর এ হামলা চালায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার স্কুলে যাওয়ার পথে দিনমজুর রকির লোকজন প্রথমে ঐ শিক্ষকদের পথ আটকে হুমকি-ধমকি দেয়। শিক্ষকরা তখন বিদ্যালয়ে না গিয়ে ফিরে আসেন এবং আশপাশের গ্রামে গিয়ে পালিয়ে থাকেন। পরে দুপুর দেড়টার দিকে স্কুলে পুনরায় যাওয়ার পথে কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যলয়ের উত্তর পাশে পৌঁছালে দিনমজুররা শিক্ষকদের পেটানো শুরু করে। স্থানীয় ব্যক্তিরা আহত শিক্ষকদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে যায়।

লোহাগড়া হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শেখ মোহাইমিন বলেন, শিক্ষকদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সইবুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুই শিক্ষক এই হাসপাতালে ভর্তি আছেন।

আহত চালিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. শাহাবুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। শিক্ষকরা জানান, কলাগাছি এলাকার ইসহাক, আসাদ, টিটুল, ফারুক, তিলায়েত, রবি, ফয়সালসহ সাতজন তাদের ওপর হামলা করেছে। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকাররম হোসেন বলেন, ‘শিক্ষকদের মারধরের কথা শুনেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।’