সাইনবোর্ড মোড় যেন মরণফাঁদ

সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড মোড়ে ওভারব্রিজ না থাকায় রাস্তা পারাপার হতে গিয়ে প্রতিদিন সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। সাইনবোর্ড মোড়টি চার লেনের সংযোগস্থল। এই মোড় দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রোডে শত শত গাড়ি আসা-যাওয়া করে থাকে প্রতিদিন। ঐ এলাকার আশপাশে দেড় থেকে দুই লক্ষাধিক মানুষের বসবাস। প্রতিদিন লক্ষাধিক মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চাকরিজীবীদের ব্যবহার করতে হয় সড়ক ও জনপথ বিভাগের অধীন এই সড়কটি। কিন্তু সড়কের ওপরে ওভারব্রিজ না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয় তাদের। রাস্তা পার হতে গিয়ে প্রতিদিন দুর্ঘটনার কবলে পড়তে হয় এখানকার বাসিন্দাদের। প্রতিমাসে সাইনবোর্ড মোড়ে রাস্তা পার হতে গিয়ে পাঁচ থেকে ছয় জন লোক সড়ক দুর্ঘটনায় নিহত হন, অনেকেই হয়েছেন চিরজীবনের জন্য পঙ্গু। ওভারব্রিজ না থাকায় হিমশিম খেতে হচ্ছে সেই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের। তারাও জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হয়ে যানজট নিরসনে কাজ করছেন।

সাইনবোর্ডের বাসিন্দারা বলেন, সাইনবোর্ড মোড়টি বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে। ওভারব্রিজ না থাকায় প্রতিদিন রাস্তা পার হতে গিয়ে অনেকে প্রাণ হারাচ্ছেন। দ্রুত ওভারব্রিজের ব্যবস্থা করা না হলে এই সড়কে দুর্ঘটনা এবং হতাহতের ঘটনা আরো বাড়বে। ট্রাফিক পুলিশবক্সের টিআই জিয়াউল করিম বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে লক্ষাধিক লোক যাতায়াত করে থাকে। রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। পথচারীদের অনেক সময় ট্রাফিক পুলিশ সদস্যরা নিরাপদে রাস্তা পার করে দিচ্ছেন। তবে সাইনবোর্ডে একটি ওভারব্রিজ খুবই জরুরি। ওভারব্রিজ হয়ে গেলে সড়কে দুর্ঘটনার হার অনেক কমে আসবে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।