যুবলীগের পর আওয়ামী লীগে শুদ্ধি অভিযান চলবে :এমপি দুর্জয়

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিসিবির পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, এমপি মন্ত্রী ও দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী ও চাঁদাবাজি  করে পার পেয়ে যাবেন এটা ভাবার কোনো কারণ নেই। দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ যে দলেরই হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত করার পাশাপাশি দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন। সেজন্য নিজের দল থেকে শুরু করেছেন দুর্নীতির বিরুদ্ধে অভিযান। প্রথমে ছাত্রলীগে শুদ্ধি অভিযান শুরু করেছেন। এখন যুবলীগে চলছে এবং সারাদেশব্যাপী আওয়ামী লীগেও শুদ্ধাভিযান চলবে। রবিবার বিকালে ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, সব জায়গায় শুদ্ধাভিযান চলবে। আজকেও পত্রিকায় দেখেছি। এরপরে কিন্তু প্রশাসনের লিস্ট ধরে ধরে শুদ্ধাভিযান হবে। কারণ একটি দেশ যদি দুর্নীতিতে নিমজ্জিত থাকে তাহলে সে দেশ উন্নয়ন করতে পারবে না। তাই সুখি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে এই অভিযান চলছে এবং আমাদের নাম ভাঙিয়ে যদি কেউ অনৈতিক কাজ করে তাহলে সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যবস্থা গ্রহণ করবেন।

ঘিওর উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. বাবুল ব্যাপারীর সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা। সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, সহসম্পাদক আবিদ হাসান বিপ্লব, সহসম্পাদক আফতাব খন্দকার রনি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নীনা রহমান,  জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি, ঘিওর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল মিন্টু, ঘিওর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আসাদুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুল প্রমুখ।