সোনারগাঁওয়ে আওলাদ হোসেন নামে এক টেলিকম ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তারা ঐ ব্যবসায়ীর কাছ থেকে নগদ আড়াই লাখ টাকা, বিকাশ ও ফ্লেক্সিলোডে ব্যবহূত ১০টি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। বৃহস্পতিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। আহত ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা। এ ব্যাপারে গতকাল রবিবার দুপুরে ঐ ব্যবসায়ীর ভাই আলী আকবর বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার সনমান্দি বাজারে আওলাদ হোসেন বিকাশ, ফ্লেক্সিলোড ও মনিহারির ব্যবসা পরিচালনা করে আসছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে একদল দুর্বৃত্ত পেছন থেকে ঐ ব্যবসায়ীর ওপর অতর্কিতে হামলা চালায়। এসময় ঐ ব্যবসায়ীকে রামদা ও লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঐ ব্যবসায়ীর চিত্কারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত ব্যবসায়ীর ভাই আলী আকবর জানান, দুই দিন সরকারি ছুটি থাকার কারণে ব্যবসায়ে ব্যবহারের জন্য ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছিলেন আওলাদ হোসেন। এই টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই আমার ভাইয়ের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। বর্তমানে আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান জানান, ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ছিনতাইকারীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।