রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে একই ব্যক্তির নামে একাধিক পাসপোর্ট প্রদানের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের একটি বিশেষ টিম আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে এ প্রমাণ পায়। দুদকপ্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আফরোজা হক খানের নেতৃত্বে পুলিশসহ পাঁচ সদস্যের একটি টিম এ অভিযান চালায়।
দুদক সূত্র জানায়, সম্প্রতি দুদক অভিযোগ কেন্দ্রে (টোল ফ্রি হটলাইন-১০৬) অভিযোগ আসে যে আগারগাঁও পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্যে গ্রাহকসেবা বিঘ্নিত হচ্ছে এবং অফিসের কিছু অসাধু কর্মচারী পাসপোর্ট প্রদান ও নবায়নের জন্য নানাভাবে সেবাপ্রার্থীদের হয়রানি করছেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের একটি টিম গতকাল রবিবার অভিযান চালায়। অভিযানকালে দুদক টিম একই ব্যক্তির নামে দুটি পাসপোর্ট রয়েছে এমন প্রমাণ পায়।
এ বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) দুদক টিমকে জানান, অবিলম্বে এ বিষয়ে তদন্তপূর্বক পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে তদন্ত ও শাস্তির বিষয়টি দুদককে অবহিত করা হবে। অসাধু কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও দালালদের দৌরাত্ম্য রোধে সুপারিশ প্রদান করে দুদক টিম।