জয়পুরহাটের পাঁচবিবিতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তার প্রতিপক্ষের লোকেরা। ঘটনার শিকার যুবকের নাম রেজুয়ান (৩০)। সে পুলিশের তালিকভুক্ত সন্ত্রাসী বলে জানা গেছে। সে জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর গ্রামের আব্দুস সালাম মুহুরীর ছেলে।
রবিবার বেলা ২টার দিকে উপজেলার কচুর লতি বাজার সংলগ্ন জিয়ার মোড় নামক স্থানে এ হত্যাকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় ৫/৬ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করে রেজুয়ানকে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহরিয়ার খান ও পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, রেজুয়ান জয়পুরহাটের তালিকাভূক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে এবং এসব মামলায় তার জেলও হয়।
রবিবার দুপুরে রেজুয়ান অটোরিকশাযোগে পাঁচবিবি যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে ৫/৬ জন যুবক তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারী কোপাতে থাকে। এ সময় স্থানীযরা এগিয়ে এলে প্রতিপক্ষ সন্ত্রাসীরা পালিয়ে যায়।
আরও পড়ুন: ফুলছড়িতে ৪ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু
পরে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু