নতুন প্রজন্মের দায়িত্ব পূর্ব প্রজন্মের সৃষ্টিগুলো বহন করা

কুমার বিশ্বজিত্। এদেশের সঙ্গীতজগতে অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী তিনি। এখনো নিয়মিত গানের সাথে রয়েছেন তিনি। পাশাপাশি সম্প্রতি একটি চলচ্চিত্রের গানও করলেন। সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সাথে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু

কেমন আছেন?

ভালো আছি।

কাজের ব্যস্ততা কেমন যাচ্ছে?

ব্যাস্ততা কম বেশি সবসময়ই থাকে। কিছুদিন আগে একটি গান শেষ করলাম। সেটির মিউজিক ভিডিও করে রিলিজ দেওয়া হবে। এছাড়াও আরো দুটি গান করলাম। পাশাপাশি অনেকদিন পর ‘বেলা অবেলা’ নামের একটি ছবিতে গান করলাম। রবীন্দ্রাথের গল্প নিয়ে নির্মিত ছবিটিতে একটি রবীন্দ্রসঙ্গীত গেয়েছি।

গানের পাশাপাশি আপনাকে মিউজিক ভিডিওতেও নিয়মিত হয়েছেন। এটি কি আপনার আগ্রহ থেকেই?

আমার আগ্রহ গানে। মিউজিক ভিডিওতে আমার কোনো আগ্রহ নেই। কিন্তু যেহেতু নতুন প্রজন্ম মিউজিক ভিডিওর প্রতি আগ্রহী সেই জায়গা থেকেই প্রযোজকরা করে থাকেন। কারণ এখন তো মানুষ আর গান কিনে শুনেন না। মিউজিক ভিডিও করে ইউটিউব থেকে বুস্ট করে শ্রোতাদের গান শোনাতে হয়। শ্রোতারা এখন ফ্রিতে গান শুনে অভ্যস্ত।

চলচ্চিত্রেও আপনাকে অনেকদিন পার পাওয়া গেলো—

অনেকদিন পর আসলে একটা কাজ পেলাম যেটি করা যায়। ভালো গান হলে অবশ্যই করবো।

আইয়ুব বাচ্চু চলে যাওয়ার পর অনেক তার গানগুলো নিয়ে কাজ করছে। এই প্রসঙ্গে কী বলবেন—

আসলে আইয়ুব বাচ্চু যা করে গেছেন তা এখন নতুন প্রজন্মের দায়িত্ব সেগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। প্রজন্ম থেকে প্রজন্ম নিয়ে যাওয়ার জন্য তার গানগুলো নিয়ে কাজ করাটা ভালো কিছুই।

আইয়ুব বাচ্চুসহ সমসাময়িক অনেকে আজকের সঙ্গীতের পেশাদারিত্বের জায়গাটা তৈরি করেছে গেছেন। পরবর্তী প্রজন্মের জন্য জায়গাটা নিয়মিত রাখার জন্য নতুনদের কী করার উচিত?

নতুন প্রজন্মের দায়িত্ব পূর্ব প্রজন্মের সৃষ্টিগুলো বহন করা। নিজেদের কাজগুলোর সম্পর্কে যদি তারা না জানে তাহলে হয়তো আবারো বিদেশি গানের চর্চা আমাদের মাঝে ঢুকে যাবে। এখন সঙ্গীতের যেই পেশাদারিত্বের যেই জায়গাটা রয়েছে তা আমাদের সময় ছিল না। সেই সময়ের অনেকের প্রচেষ্টায় এই জায়গাটা তৈরি হয়েছে। এখন নতুনদের কাজ এই জায়গাটার আরো উন্নতি করা।