এই ফুল প্রতিদিন বিশেষ একটি সময়ে ফোটে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ঝিমিয়ে যায়। এর প্রস্ফুটন সময় সকাল ৮টা থেকে ৯টা এবং ঝিমিয়ে যায় দুপর হওয়ার সঙ্গে সঙ্গে। তাছাড়া স্থানভেদে এটি বিভিন্ন নামে পরিচিত। যেমন টাইম ফুল, অফিস ফুল, পর্টুলেকা, মস রোজ, রোজমস, মেক্সিকান গোলাপ, পাথর গোলাপ, নয়টার ফুল, দশটার ফুল, ঘাস ফুল ইত্যাদি। তবে আমাদের দেশে ‘টাইম ফুল’ নামে ফুলটি বেশি পরিচিত। নির্দিষ্ট সময়ে ফোটার কারণে এই নামকরণ। আদি নিবাস দক্ষিণ আমেরিকা। উদ্ভিদতাত্ত্বিক নাম Portulaca grandiflora।
বর্ষজীবী লতাজাতীয় উদ্ভিদ। গাছ লম্বায় ১৫ থেকে ২০ সেন্টিমিটার হয়ে থাকে। লতা গঠনে গোলাকার, লালচে বা সাদাটে ও মসৃণ। গাছ দ্রুত বর্ধনশীল। কোনো স্থানে দু-চারটি লতা কাটিং রোপণ করলে দ্রুত বৃদ্ধি পেয়ে অসংখ্য গাছ জন্ম নেয় এবং গাছের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। শীতকালে এই গাছ দুর্বল থাকে এবং বসন্ত থেকে হেমন্ত ঋতু পর্যন্ত গাছ থাকে বেশ সজীব। গাছের ক্ষুদ্রাকৃতির পাতা লম্বাটে থেকে নলাকার ও পুরু। সরাসরি মাটি ও টবে রোপণ উপযোগী ফুলগাছ। এই ফুলগাছের জন্য বেলে থেকে বেলে দো-আঁশ মাটি উত্তম। তাছাড়া রৌদ্রোজ্জ্বল উঁচু ভূমি প্রয়োজন এবং পানি নিকাশের ব্যবস্থা থাকতে হবে। ভেজা মাটি ও পানি সহ্য করতে পারে না।
সিঙ্গল ও ডাবলসহ রং বাহারি ফুল। যেমন সাদা, লাল, গোলাপি, হলুদ, কমলা, বেগুনি, মেজেন্টা। তবে আমাদের দেশে সাদা, গোলাপি ও বেগুনি রঙের ফুল বেশি ফোটে। ফুল শীতকাল বাদে প্রায় সারা বছরই ফোটে। তবে গ্রীষ্ম, বর্ষা ও শরত্ কাল এই ফুল ফোটার প্রধান মৌসুম। এ সময়ে গাছে প্রচুর ফুল ফোটে। ফুল গন্ধহীন। এর ডাবল ফুলের পাপড়ি বিন্যাস ও গঠন প্রায় গোলাপের মতো, তবে আকারে ছোট। ফুলে নমনীয় কোমল অসংখ্য পাপড়ি থাকে এবং মাঝে পরাগ অবস্থিত।
রং বাহারি ফুল হিসেবে এর রয়েছে বেশ জনপ্রিয়তা। তাই তো আমাদের দেশে বাসাবাড়ির বাগান, ছাদবাগান, পার্ক ও উদ্যানে এই ফুল চোখে পড়ে।