বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব) এর প্রতিনিধিদল। সোমবার ভিসিপিয়াব চেয়ারম্যান ও পেগাসাস টেক ভেঞ্চারস এর জেনারেল পার্টনার শামীম আহসানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল রাজধানীর বিডার কার্যালয়ে এ বৈঠকে অংশ নেন।
বৈঠকে দেশের তথ্য-প্রযুক্তিসহ অন্যান্য খাতে বিদেশি বিনিয়োগ বাড়াতে রোডশো, বিনিয়োগ সামিট আয়োজনসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় ভিসিপিয়াবের পক্ষ থেকে ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি ইন্ডাস্ট্রির প্রবৃদ্ধিতে সহায়তার জন্য পলিসি সহায়তার অনুরোধ করা হয়, যা বৈদেশিক বাণিজ্য, স্থানীয় উদ্ভাবন, রপ্তানি এবং দেশে আমদানি করা পণ্যের বিকল্প দেশেই তৈরিতে সরাসরি সহায়তা করবে।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাভাস চন্দ্র মণ্ডল (অতিরিক্ত সচিব), এক্সিকিউটিভ মেম্বার ৩, বিডা; ভিসিপিয়াব ভাইস চেয়ারম্যান ও ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান জিয়া ইউ আহমেদ, পিএইচডি এবং ভিসিপিয়াব মহাসচিব, হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং এর পরামর্শক ও বিডি ভেঞ্চার লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন।
ভিসিপিয়াব মহাসচিব শওকত হোসেন বলেন, ভেঞ্চার ক্যাপিটাল উদ্যোক্তাদের সহায়তা করে, যারা কর্মসংস্থান তৈরি করেন। বাংলাদেশে অনেক উদ্যোক্তা প্রয়োজন, যাতে তারা অধিক কর্মসংস্থানের সুযোগ করতে পারেন।
ভিসিপিয়াব ভাইস চেয়ারম্যান জিয়া ইউ আহমেদ বলেন, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডে ব্যক্তিগত বিনিয়োগকারীদের বিনিয়োগে উত্সাহিত করতে এবং এআইএফএম ইন্ডাস্ট্রির প্রচারে যেসব বিত্তশালী ইনস্যুরেন্সসহ অন্যান্য খাতে অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডে বিনিয়োগ করবেন তাদের ট্যাক্স অব্যাহতি প্রদান করা উচিত। এছাড়া প্রভিডেন্ট ফান্ড থেকে বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীদের ট্যাক্স ছাড় দেওয়া উচিত।
ভিসিপিয়াব চেয়ারম্যান শামীম আহসান বলেন, স্থানীয় স্টার্টআপে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সহায়তা করলে বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) প্রবাহ অবশ্যই যথেষ্টভাবে বৃদ্ধি পাবে। স্থানীয় স্টার্টআপের সফলতার গল্প, অবকাঠামোগত সক্ষমতা এবং দক্ষ জনবলের বিষয়ে অবহিতকরণের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের মতো সচেতনতা তৈরির জন্য আমরা ভিসিপিয়াবের পক্ষ থেকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর সঙ্গে যৌথভাবে রোডশো এবং ইনভেস্টমেন্ট সামিট আয়োজন করতে উদ্যোগ নিয়েছি। এটি স্থানীয় স্টার্টআপ ব্যবসায় এবং সেবার জন্য ফান্ড তৈরিতে সহায়তা করবে, যা রপ্তানি বাড়াবে এবং দেশেই আমদানি পণ্যের বিকল্প তৈরিতে সহায়তা করবে।
বিডার নির্বাহী চেয়ারমান মো. সিরাজুল ইসলাম বলেন, আগামী ২ বছরে বিডা ২৪ হাজার নতুন এবং দক্ষ উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিয়েছে।