জিডিপিতে আবাসন খাতের অবদান ৭ দশমিক ৭৫ শতাংশ

ইত্তেফাক রিপোর্ট

দেশের ৮৫ দশমিক ৮২ শতাংশ পরিবারের নিজের বাড়ি আছে। ভাড়া বাড়িতে থাকেন ১২ দশমিক ২১ শতাংশ পরিবার ও ভাড়া ছাড়াই বাড়িতে থাকেন ১ দশমিক ৭১ শতাংশ। এছাড়া অন্যান্যভাবে বাড়িতে থাকেন এক লাখ পরিবার। সব মিলিয়ে জিডিপিতে আবাসন খাতের অবদান এখন ৭ দশমিক ৭৫ শতাংশ। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে এ সংক্রান্ত এক জরিপের প্রকাশনা অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। জরিপ প্রতিবেদনে জানানো হয়, সারাদেশে নিজের বাড়ি আছে ৩ কোটি ২৪ লাখ ৬৯ হাজার পরিবারের। ভাড়া বাড়িতে থাকেন ৪৬ লাখ ২০ হাজার। প্রতিবেদনে বলা হয়, দেশে বহুতল ভবনের সংখ্যা ১৮ লাখ ৫০ হাজার (পাঁচ তলার উপরে)। পাঁচ তলার নিচে ৩৭ লাখ ৯০ হাজার, সেমি পাকা এক কোটি ১৮ লাখ ৬০ হাজার। এছাড়া কাঁচা ঘর ২ কোটি ৯ হাজার এবং ঝুপড়ি ২ লাখ ৫০ হাজার। বসবাসের ঘরের গড় আয়তন ৪২৫ বর্গফুট। আবাসন খাতে ২০১৫-১৬ অর্থবছরে ভাড়া বাবদ আয় ছিল ৮১ হাজার ২৮৬ কোটি টাকা। যা পরের অর্থবছরে বেড়ে দাঁড়ায় ৮৯ হাজার ৩৭৪ কোটি টাকা। এক বছরে এ খাতে মূল্য সংযোজন ৭০ হাজার ২০৮ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৫ হাজার ৯৭২ কোটি টাকা। এই হিসাবে বাজার মূল্যে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ২১ শতাংশ।

বিবিএসের মহাপরিচালক ড. কৃষ্ণা গায়েন বলেন, আমাদের জরিপে উঠে এসেছে ছোটো বাসায় ভাড়া বেশি। অন্যদিকে বড়ো বাড়িতে তুলনামূলক ভাড়া কম। এছাড়া এখনো ভাড়া বাসার চেয়ে নিজের বসত বাড়ির সংখ্যাই বেশি।