ইনডোরে তামিমের ব্যাটিং

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ দলের অনুশীলন তখন শেষ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি একাডেমিতে অনুশীলন করছিল আফগানিস্তান দল। গতকাল বেলা ৩টার দিকে ব্যাট হাতে শেরেবাংলার মাঠ পার হচ্ছিলেন তামিম ইকবাল। গ্রাউন্ডসম্যানরা তখন ফাইনালের উইকেট পরিচর্যায় ব্যস্ত। উইকেটের সামনে গিয়ে দাঁড়ালেন তামিম। উইকেট দেখে কিছুক্ষণ শ্যাডোও করলেন। তারপর ছুটলেন মিরপুর স্টেডিয়ামের ইনডোরে।

আজকের ফাইনালটা না খেললেও ঠিকই উইকেটে চোখ বোলান তামিম। কারণ চলতি মাসে চলমান হোম সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন এই বাঁহাতি ওপেনার।

গতকাল মিরপুরের ইনডোরে ঘণ্টাখানেক ব্যাটিং করেছেন তামিম। কোনো নেট বোলার না থাকলেও থ্রো ডাউনের বিপরীতে ব্যাটিং করেছেন তিনি।

ত্রিদেশীয় সিরিজ চলাকালীন ছুটি কাটিয়ে আবার ক্রিকেটে ফিরেছেন তামিম। চট্টগ্রাম পর্বের সময় ঢাকায় জিম করতে দেখা গেছে তাকে। গত কয়েকদিন ধরে নিয়মিত ব্যাটিংও করছেন এই বাঁহাতি ওপেনার। আসন্ন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলার সম্ভাবনা রয়েছে তার। সেক্ষেত্রে এনসিএল দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তিনি।

বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন তামিম। ঐ সফরে বাংলাদেশ ধবলধোলাই হয়েছিল লঙ্কানদের কাছে। ব্যাট হাতে ওপেনার তামিমও ফ্লপ ছিলেন। তারপরই আফগানদের বিরুদ্ধে একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ না খেলে বিশ্রামের সিদ্ধান্ত নেন তিনি।