স্পোর্টস ডেস্ক
নেইমার নৈপুণ্যে ফরাসি লিগে লিওঁকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। জয়ের পর ক্লাবটির ফরাসি কোচ থমাস টুখেল জানিয়েছেন ব্রাজিলীয় তারকা নেইমার মনপ্রাণ ঢেলে দিয়েই আছেন দলের সঙ্গে। অলিম্পিক লিওঁ ফরাসি চ্যাম্পিয়নদের বিপক্ষে শেষ ছয়বারের দেখায় চার ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছিল। গত রবিবার রাতে নিজেদের মাঠেও পিএসজিকে প্রায় রুখেই দিয়েছিল দলটি। গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের দ্বিতীয়ার্ধও এগোচ্ছিল বন্ধ্যাত্বের দিকেই। তখনই নেইমারের আবির্ভাব। ৮৭ মিনিটে বক্সের খানিকটা বাইরে বল পেয়ে তিন লিওঁ ডিফেন্ডারকে দারুণ ড্রিবলে ছিটকে দেন। এরপর নিচু শটে গোল করে সফরকারীদের জয় নিশ্চিত করেন তিনি। এর আগের লিগ ম্যাচে স্ট্রাসবুর্গের বিপক্ষে যোগ করা সময়ে দারুণ বাইসাইকেল শটে দলের জয় নিশ্চিত করেছিলেন তিনি।
কোচ টুখেল জানালেন, চোট কাটিয়ে এখনো পুরোপুরি সেরে ওঠেননি নেইমার। তারপরও দুই ম্যাচে দুই গোল করলেন। পিএসজির জার্মান এই কোচ অবশ্য মনে করেন ব্রাজিল তারকার পক্ষে আরো উন্নতি করা সম্ভব। তিনি বলেন, ‘শেষ চার মাসে এটা নেইমারের তৃতীয় ম্যাচ। সে এখনো পুরোপুরি সেরে ওঠেনি। সে আরো ভালো করবে। শারীরিকভাবে উন্নতি করতে হবে তার। সেটা হয়ে গেলে খেলার পাশাপাশি গোলের দিক থেকেও আমাদের সাহায্য করবে সে। নেইমার সবসময়ই ফলাফলে দারুণ ভূমিকা রাখতে পারে। দারুণ সৃষ্টিশীল ও সবসময় সামনের দিকে দেখে।’
গেল মৌসুমের শেষে জোর আলোচনা ছিল নেইমার বার্সেলোনায় ফিরছেন। বিশেষ করে খেলোয়াড়টির আগ্রহই চলছিল আলোচনা। কিন্তু শেষমেশ দুই পক্ষের সমঝোতার অভাবে সেটা আর আলোর মুখ দেখেনি। এরপরও কোচ টুখেল জানালেন দলের সঙ্গে পুরো একাট্টা হয়েই আছেন নেইমার। তিনি বলেন, ‘তার কোনো বিকল্প নেই। সে একটা চুক্তির অন্তর্ভুক্ত, তাই না? সে আমাদের সঙ্গে শতভাগই আছে। সে হাসে, কৌতুক করে এবং নির্ভরযোগ্যও। সে সতীর্থদের সঙ্গে সম্পূর্ণভাবেই মিশছে। এটা স্বাভাবিক, প্রয়োজনীয়ও।’
নেইমারের প্রতিভায় দারুণ মুগ্ধ কী না এমন এক প্রশ্নের জবাবে টুখেল বলেন, ‘না, আমি শান্ত আছি। কারণ এটাই তার কাজ। নেইমার দলে আছেই গোল করার জন্য এবং ফলাফল নির্ধারণ করে দেওয়ার জন্য। মাঠে তাকে ফাঁকা জায়গা তৈরি করে দিতে হবে আমাদের, তখনই তার আসল রূপ দেখা যাবে। আমি এটা প্রতিদিনই আশা করি—তার ক্ষেত্রে আমার প্রত্যাশাটা একটু বেশিই।’
পিএসজি অধিনায়ক থিয়াগো সিলভাও মাতলেন নেইমার স্তুতিতে। স্বদেশীকে নিয়ে তিনি বলেন, ‘শেষমেশ নেইমারেরই কারণে পার্থক্য তৈরি হয়ে গেলো। মাঠে সেই মুহূর্তে কী করেছিল এখনো বুঝতে পারছি না। অনুশীলনেও সে আর এমবাপে এমন অনেক কিছুই করে যা অবিশ্বাস্য, ম্যাচে যেটা আমাদের দারুণ ফল দেয়।’