স্পোর্টস ডেস্ক
ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রোববার রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয়ের আগেই বড় রকমের লজ্জার মুখে পড়েছিল ভারতীয় দল। অষ্টম ওভারের দ্বিতীয় বলে দ্বিতীয় উইকেটের পতন হয় ভারতের। সাজঘরে ফেরেন শিখর ধাওয়ান। তখনই ঘটে বিচিত্র এক ঘটনা। একই সাথে মাঠে নামার জন্য প্রস্তুত হন দুই ব্যাটসম্যান—ঋষভ পান্ত ও শ্রেয়াস আইয়ার। অধিনায়ক বিরাট কোহলি অবশ্য ম্যাচ শেষে জানিয়েছেন, সমস্যাটা তিনি ধরতে পেরেছেন।
উইকেটে তখন বিরাট কোহলি নিজেই ছিলেন। পরে তার সাথে ব্যাটিং করেন ঋষভ পান্ত। ম্যাচ শেষে কোহলি বলেন, পুরোটাই ভুল বোঝাবুঝি। সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘ব্যাটিং কোচ (বিক্রর রাঠোর) তাদের দুজনের সাথেই কথা বলেছে। কিন্তু তারা বুঝতে ভুল করেছে। এটা খুবই হাস্যকর ব্যাপার। তখন দুজনই ব্যাটিং করতে নামতে চাইছিল। ব্যাপারটা আরো বেশি হাস্যকর হতো যদি দুজনই ব্যাটিং করতে ক্রিজে পৌঁছে যেত। এটা পুরোপুরিই ভুল বোঝাবুঝি ছিল, আমারও প্রথমে বুঝতে একটু সমস্যা হয়েছিল।’
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকান বোলারদের তাণ্ডবে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রানের বেশি তুলতে পারেনি কোহলি-রোহিতরা। প্রথমে ব্যাট করতে নেমে ২২ রানে ভাঙে ওপেনিং জুটি। মাত্র ৯ রান করে ফেরেন রোহিত শর্মা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন ওপেনার শিখর ধাওয়ান।
আগের ম্যাচে ঝড় তোলা কোহলি এদিন ব্যর্থ হয়েছেন। মাত্র ৯ রান করে রাবাদার শিকার হন কোহলি। এছাড়া ঋষভ পান্ত ও রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে আসে ১৯ রান করে। দক্ষিণ আফ্রিকার পক্ষে চার ওভারে ৩৯ রান খরচায় তিন উইকেট শিকার করেন কাগিসো রাবাদা। ভারতের ইনিংসে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারে মাত্র চার জন ব্যাটসম্যান।
পরে বোলিংয়ে ভারত একবারই মাত্র সাফল্য পায়। ৭৬ রানে উদ্বোধনী জুটি ভাঙে দক্ষিণ আফ্রিকার। রিজা হেনড্রিক্স ২৬ রান করে ফিরেন সাজঘরে। একপ্রান্ত আগলে রেখে অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক ৭৯ রানে অপরাজিত থাকেন। ইনিংসে ছিল ছয়টি চার ও পাঁচটি ছক্কা। আর টেম্বা বাভুমা ২৭ রানে অপরাজিত ছিলেন। তিন ওভার এক বল বাকি থাকতেই নয় উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়া সফরকারী দক্ষিণ আফ্রিকা।
টি-টোয়েন্টির অধিনায়কত্ব পেয়ে প্রথম দুই ম্যাচের দুটিতেই হাফ সেঞ্চুরি করলেন কক। এর আগে এ কীর্তি আছে কেবল আর দু’জনের। তারা হলেন—আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও কানাডার নবনীত সিং। একই ম্যাচেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন কক।
এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ধর্মশালায় বৃষ্টির কারণে বাতিল হয়। দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাত উইকেটে জেতে ভারত। এর তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা জয় পাওয়ায় ১-১ ব্যবধানে সিরিজের মীমাংসা হলো। আগামী দুই অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।