অভিজ্ঞতা কাজে লাগবে এসএ গেমসে

অ্যাথলেট জহির রায়হান

স্পোর্টস রিপোর্টার

ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের আসর বসবে কাতারের দোহায়, ২৭ সেপ্টেম্বর হতে ৬ অক্টোবর। অ্যাথলেটিকস দুনিয়ার অনেক বড়ো লড়াই এটি। সব দেশ হতেই বাঘা বাঘা সব অ্যাথলেটরা অংশগ্রহণ করতে আসবে। সোনা রুপার পদকে চোখ রাখবে। কিন্তু বাংলাদেশের মতো ক্রীড়াবিদদের এত বড়ো আসরে পদক জয়ের কথা এখনও স্বপ্নেই ভাবা যায়। তার পরও ওয়ার্ল্ড অ্যাথলেটিকসে বাংলাদেশের অংশগ্রহণ থাকে। থাকতে হয় কারণ দেশে প্রতিনিধিত্ব করার জন্য। বাংলাদেশ হতে এবার আর ১০০ মিটার স্প্রিন্টে যাওয়া হচ্ছে না। এবার ৪০০ মিটার ইভেন্টে লড়াই করতে আজ কাতারে যাবেন তরুণ অ্যাথলেট নৌবাহিনীর জহির রায়হান।

জহির রায়হান গত জাতীয় অ্যাথলেটিকসে ৪০০ মিটার ইভেন্টে ৩২ বছরের রেকর্ড ভেঙেছেন এই তারকা। এটা তাকে ওয়ার্ল্ড অ্যাথলেটিকসে যাওয়ার পথ সহজ করে দিয়েছে। নাইরোবিতে জুনিয়র ওয়ার্ল্ড অ্যাথলেটিকসে নিজেরে ইভেন্টে হিটে সেমিফাইনাল পর্যন্ত উঠেছিলেন শেরপুরের চরশ্রীপুর হাই স্কুলের শিক্ষক আবদুর রাজ্জাক এবং গৃহিণী শিখা বেগম দম্পতির মেজো ছেলে জহির রায়হান। একদিন স্বপ্ন ছিল ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের বড় মঞ্চে দৌড়াবেন। সেই স্বপ্ন পূরণ হয়েছে। তবে এই অভিজ্ঞতা কাজে লাগাতে চান এসএ গেমসে। ১৯ বছর বয়সী জহির বললেন, ‘ওয়ার্ল্ড অ্যাথলেটিকসে কঠিন লড়াই হয়। রেজাল্ট করা টাফ। এটা সবার জানা। তার পরও এখানে অভিজ্ঞতা অর্জনের একটা জায়গা থাকে। খুব বেশি কিছু আশা করছি না। চেষ্টা করব ভালো কিছু করার। আমার মুল টার্গেট এসএ গেমস।’ জহির বলেন, ‘নৌবাহিনী এবং অ্যাথলেটিকস ফেডারেশন আমাকে যে সুযোগ দিয়েছে তার জন্য ধন্যবাদ। আমি এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব।’