বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল

সিটি করপোরেশন ও বরিশাল সদর জেলা চ্যাম্পিয়ন

বরিশাল অফিস

বরিশালে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপের (অনূর্ধ্ব-১৭) জেলা পর্যায়ের খেলা শেষ হয়েছে। গত রবিবার বিকালে শহিদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক বিভাগের ফাইনালে বরিশাল সিটি করপোরেশন একাদশ ৪-০ গোলে গৌরনদী উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টে (বালিকা) বরিশাল সদর ১-০ গোলে  বানারীপাড়া উপজেলা দলকে হারিয়ে একই যোগ্যতা অর্জন করে।

চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলেন দেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মো. মইদুল ইসলাম, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।