খুলনায় তিন সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে ২৫-৪০ টাকা

বাজার নিয়ন্ত্রণে নামছে প্রশাসন

খুলনা অফিস

খুলনার বাজারে প্রতিদিনই বাড়ছে পেঁয়াজের দাম। গত তিন সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিপ্রতি বৃদ্ধি পেয়েছে ২৫ টাকা থেকে ৪০ টাকা। এদিকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে শিগগির প্রশাসন অভিযানে নামছে।

সোমবার নগরীর বিভিন্ন খুচরা বাজারগুলোতে প্রতিকেজি বড়ো আকারের দেশি পেঁয়াজ ৯৫ টাকা, মাঝারি দেশি পেঁয়াজ ৮০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৭৫ টাকা দরে বিক্রি হয়েছে।

ব্যবসায়ীরা জানান, চাহিদার তুলনায় খুলনায় সরবরাহ কম থাকায় পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে। তারা বলেন, খুলনায় প্রতিদিন অন্তত ২০ ট্রাক অর্থাত্ ৪৩২ টন পেঁয়াজের প্রয়োজন। সেখানে প্রতিদিন আমদানি হচ্ছে ৬৬ টন পেঁয়াজ।

নগরীর বড়ো বাজারের মেসার্স তাজ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আলী আহমেদ বলেন, ‘ভারতে পেঁয়াজের রপ্তানি মূল্য দ্বিগুণ করা হয়েছে। দক্ষিণ ভারতে বন্যার কারণে নাসিকে পেঁয়াজের ফলন অর্ধেক হয়েছে। ফলে বিভিন্ন বন্দরে পেঁয়াজের আমদানিও কম হচ্ছে। ফলে খুলনায় পেঁয়াজের আমদানি অনেক কম। তিনি বলেন, আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময় হয়তো পেঁয়াজের বাজার নামতে পারে।’ 

এদিকে ঢাকায় খোলাবাজারে পেঁয়াজ বিক্রি হলেও কবে নাগাদ খুলনায় শুরু হবে সে নির্দেশনা এখনো পায়নি টিসিবি। এ ব্যাপারে  টিসিবি খুলনা অফিস প্রধান মো. রবিউল মোর্শেদ বলেন, ‘ঢাকায় খোলাবাজারে পেঁয়াজ বিক্রি কার্যক্রম শুরু হলেও খুলনা অফিসে এখনো কোনো নির্দেশনা আসেনি। তবে নির্দেশনা আসলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম তরফদার বলেন, পেঁয়াজের হঠাত্ দাম বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে জেলা প্রশাসনের নেতৃত্বে শিগগির অভিযান শুরু হবে। অযৌক্তিকভাবে কেউ দাম বৃদ্ধি করলে তাদের আইনের আওতায় আনা হবে। পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার তদারকি জোরদার করা হবে বলে জানান তিনি।