সওজের জায়গা পুনরুদ্ধার

সাতকানিয়ায় উচ্ছেদ  অভিযান

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সাতকানিয়ায় সড়ক ও জনপদ বিভাগের জায়গা  থেকে অবৈধ জবরদখল মুক্ত করার জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সড়ক ও জনপদ বিভাগের প্রায় ৬৫ শতক জায়গা হতে অবৈধ দখলদার মুক্ত করা হয়। অভিযানে পুনরুদ্ধারকৃত জায়গা আনুমানিক মূল্য ২ কোটি টাকা হবে বলে বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বাজালিয়া বাস স্টেশন এলাকায় বান্দরবান-কেরানীহাট সড়কে এ অভিযান চলে।

বান্দরবান-কেরানীহাট সড়কের বাজালিয়া বাস স্টেশন এলাকায় একটি চিহ্নিত ভূমিদস্যু চক্র সওজের জায়গা অবৈধভাবে জবরদখল করে দোকানসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ বাণিজ্য চালিয়ে আসছিল। ইতিমধ্যে দফায় দফায় ভূমি দস্যুচক্রকে সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা ভেঙে নেওয়ার নোটিশ প্রদান করে। এসব নোটিশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট মামলা দায়ের করেন। রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সরকারের ওপর রুল জারিপূর্বক উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ প্রদানে সড়ক ও জনপদ বিভাগ এ অবৈধ স্থাপনা উচ্ছেদে আইনগত বাধার সম্মুখীন হয়। কেরানীহাট-বান্দরবান জাতীয় মহাসড়কটির যথাযথ মান, প্রশস্ততা ও উচ্চতায় উন্নীত করণ প্রকল্পটি বিগত সনের ২৩ নভেম্বর একনেক সভায় অনুমোদন লাভ করে।

 সম্প্রতি বিচারপতি নাঈমা হায়দার ও খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ সওজের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদের ওপর দেওয়া স্থিতাবস্থা আদেশ প্রত্যাহার পূর্বক রুলের নিষ্পত্তি করেন। এতে সওজের জায়গার ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদপূর্বক অবৈধ জবর দখলমুক্ত করার প্রতিবন্ধকতা সরে যায়। এর পরিপ্রেক্ষিতে বান্দরবান সড়ক ও জনপদ বিভাগ এ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করেন সওজের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুল আলম, স্টেট কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলী অংশ প্রু, চট্টগ্রাম ৩৪, ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন ব্রিগেটের পক্ষ থেকে প্রকৌশলী  মো. আরিফ, সার্জেন্ট নুরুল ইসলাম, সার্জেন্ট লতিফ রানা, সৈনিক মো. নাজমুল হক ও আবদুল মজিদ প্রমুখ।