৯৯৯ কলে রক্ষা পেল ৯ দরিদ্র পরিবার
রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা
রাউজানে ৯৯৯ কলে রক্ষা পেল নয় দরিদ্র পরিবারের বসত ঘর। গত রবিবার সন্ধ্যা ৭টায় উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মদাশ পাড়ায় বৈষ্ট্য মহাজনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ফজল হকের বাঁশের বেড়া ও টিনের চালা তৈরি ৯ কক্ষবিশিষ্ট তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। কালুরঘাট ফায়ার সার্ভিস ও স্থানীয় সামাজিক সংগঠন উদায়ন সংঘের কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলে নয় দরিদ্র পরিবার আগুনের ভয়াবহতা থেকে রক্ষা পায়।
কালুরঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অর্জুন বাড়ৈ দৈনিক ইত্তেফাককে বলেন, আমরা ৯৯৯ কল পেয়ে ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হই। আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে তিন বসতঘর পুড়ে ছাই হয়ে গেলেও পার্শ্ববর্তী ৯ বসতঘর আগুন থেকে রক্ষা পায়।