আলমডাঙ্গায় মিনি ক্যাসিনো থেকে ৪ জন আটক

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় বাড়ির মালিক কার্তিক কৌশলে পালিয়ে যায়। রবিবার গভীর রাতে পুলিশ অভিযান পরিচালনা করেন। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এলাকায় কোন মাদক কারবারী ও জুয়াড়ির জায়গা নেই। অভিযানে চারজনকে আটক করা  হয়েছে। বাড়ির মালিক কার্তিক পালিয়ে গেলেও তার নামে মামলা হয়েছে। তিনি বলেন, জুয়া এবং মাদকের সাথে জড়িত যার নাম আসবে তাকেই আটক করা হবে। কোন ছাড় হবে না।

জানা গেছে, আলমডাঙ্গা পৌর শহরের রাধিকাগঞ্জের কার্তিকের বাড়িকে এলাকাবাসী মিনি ক্যাসিনো নাম দিয়েছে। বাড়িটিতে প্রতি রাতে জুয়ার আসর বসে। রবিবার রাতে থানার এএসআই তৌহিদ ওই বাড়িতে অভিযান চালান। এ সময় হাতেনাতে চার জুয়াড়ীকে আটক করে পুলিশ। এ সময় বাড়ির মালিক কার্তিক পালিয়ে যায়।

আরও পড়ুন : ছাত্রদলের উপর হামলায় ডাকসু ভিপির নিন্দা

এলাকার কয়েকটি সূত্র জানায়, স্থানীয় নেতা জাহাঙ্গীর আলম কার্তিকের বাড়িতে জুয়ার আসরের পেছনে ইন্ধন দেন বলে অভিযোগ রয়েছে। তিনি রাতে থানায় আটক জুয়াড়ীদের ছাড়াতেও যান। পুলিশ ছাড়তে রাজি না হলে তিনি চলে আসেন। 

তবে জাহাঙ্গীর আলম জানান, তিনি মাদক ও জুয়াড়িকে এলাকায় প্রশ্রয় দেন না। জুয়াড়ির সাথে জড়িত থাকার প্রশ্নই আসে না।
 
ইত্তেফাক/কেআই