ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
শেরপুরের ঝিনাইগাতীতে জমিসংক্রান্ত বিরোধে সংঘর্ষে জয়নাল আবেদীন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় সোমবার দুপুরে চার জনকে গ্রেফতার করে থানা পুলিশ। এ ব্যাপারে থানায় একটি হত্যামামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের জুলগাঁও গ্রামে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, শনিবার সকালে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে জয়নাল আবেদীনের সঙ্গে তার ভগ্নিপতি আহেজ উদ্দীনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আহেজ উদ্দিন, তার ছেলে রোমান, স্ত্রী ফাতেমা ও কন্যা সুলতানাসহ অন্যরা জয়নাল আবেদীনের ওপর দেশীয় ধারাল অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে। এতে জয়নাল আবেদীন গুরুতরভাবে আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় জয়নাল আবেদীনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল সোমবার সকালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়না৬ তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।