বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ নিহত এক, আহত ছয়

নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এক জন নিহত এবং ছয় জন আহত হয়েছেন।

রবিবার বিকাল ৪টায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ী হাটে নওগাঁ জেলা বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়। এরমধ্যে মোস্তাফিজুর রহমানের গ্রুপের ওয়াহেদ আলী রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৭টায় মারা যান এবং নূরুন নবী নূহুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ বলেন, সোমবার সকাল সাড়ে ৭টায় ওয়াহেদ আলী নামে বাহাদুরপুর ইউপির সদস্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যাওয়ার খবর পেয়েছি। এখন পর্যন্ত কোনো হত্যা মামলা হয় নাই। তবে রবিবার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছাদরুল আমীন চৌধুরী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেয় এই বলে যে, আমরা খড়িবাড়ীতে আহ্বায়ক কমিটি করতে গেলে মোস্তাফিজুর রহমানের গ্রুপের লোকজন আমাদের ওপর আক্রমণ করে।

মোস্তাফিজুর রহমান বলেন, বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ী হাটে সভা করতে গেলে ডা. ছালেক চৌধুরীর নির্দেশে এবং ইমরান হোসেনের নেতৃত্বে আমাদের ওপর আকস্মিক আক্রমণ করে।