বরিশালে ভুয়া সেনা সদস্য আটক

বরিশাল অফিস

সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করার চেষ্টাকালে সাইফুল ইসলাম (২৫) নামের এক প্রতারককে আটক করা হয়েছে।

গতকাল সোমবার বেলা ১২টার দিকে বরিশাল নগরীর চৌমাথা লেকসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে র্যাবের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা। তবে এসময় তার সঙ্গে থাকা প্রাইভেট কারের চালক পালিয়ে যায়। আটক সাইফুল এর আগে গত বছরের ২৮ অক্টোবর ভুয়া চিকিত্সকের পরিচয়ে রোগীর সেবা দিতে গিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশের হাতে আটক হয়েছিলেন।

চৌমাথা লেকসংলগ্ন এলাকার ডি আর মটরস অ্যান্ড কার ডেকোরেশনের মালিক মো. ইশতিয়াক তুহিন ও তার বাবা জানান, সাইফুল ইসলাম প্রায়ই তার গাড়ির ডেকরেশনের মালামাল কিনত। ধারাবাহিকতায় সে দোকান মালিকের পরিবারের খোঁজখবর নিত এবং একপর্যায়ে ইশতিয়াক তুহিনের ছোটো ভাইকে ৪ লাখ টাকার বিনিময়ে সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে। সোমবার তার বায়োডাটা ও নগদ ৫০ হাজার টাকা নিতে আসে। ইশতিয়াক তুহিন জানান, বিষয়টি আগে থেকেই সন্দেহজনক হলে তারা মেজর ও চিকিত্সক পরিচয়দানকারী সাইফুলের বিষয়ে খোঁজখবর নেন। এতে সাইফুলের বিষয়ে সন্দেহ দেখা দিলে তারা র্যাব-৮কে অবহিত করেন। পরে র্যাব-৮-এর সদস্যরা এসে সাইফুল ও তার ব্যবহূত প্রাইভেটকারটি আটক করে নিয়ে যান।