দেড় কোটি টাকা নিয়ে সমবায় সমিতি উধাও!

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের পটিয়ায় দেড় কোটি টাকা নিয়ে উধাও হয়েছে ঋণদান ও সমবায় সমিতি ‘নিউ স্টার’। পৌর সদরের বিওসি রোডের অফিসটিতে বর্তমানে গ্রাহকরা তালা ঝুলিয়ে দিয়েছে। সোমবার সকালেও বিভিন্ন এলাকার গ্রাহকরা অফিসের বাইরে অবস্থান ও বিক্ষোভ করেন। তবে অফিসের বাইরে তালা লাগানোর কারণে কেউ ভেতরে ঢুকতে পারেনি। পলাতকরা হলেন: সমিতির সভাপতি মোহাম্মদ সেকান্দর আলী নাছির (৩৬) ও সহোদর মোহাম্মদ আলী সেলিম (২৮)। তারা উভয়ে পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডস্থ ফজর আলী মুন্সির বাড়ির ফৌজ্জ্যারপুলের দক্ষিণ পাশের মৃত আনু মিয়ার পুত্র। শেয়ার হোল্ডার ও আমানতকারী পশ্চিম হাইদগাঁও গ্রামের বাসিন্দা মৃত হাজী এখলাছুর রহমানের পুত্র হুমায়ুনুর রশিদ বাদী হয়ে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

পটিয়া থানার ওসি (তদন্ত) জাব্বারুল ইসলাম জানান, ঐ ঘটনায় এক লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঐ সংগঠনের কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। সংগঠনের সভাপতিসহ লাপাত্তা দুই সহোদরকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নিউ স্টার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিতে যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে। সত্যতা পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।