বিদ্যালয়ভবন ঝুঁকিপূর্ণ নতুন ভবন প্রয়োজন

১৯৬৩ সালে মাদারীপুর জেলার সদর উপজেলাধীন ঘটকচর গ্রামে ঘটকচর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং সমসাময়িক সময়ে বিদ্যালয়ভবন নির্মিত হয়েছে। বিদ্যালয়ের পূর্ব ও উত্তর দিকের মূল ভবনের বয়স ৫৭ বছরেরও বেশি; ছাদের অধিকাংশ স্থানেরই আস্তর উঠে গেছে, বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ফাটল। বর্ষাকালে জরাজীর্ণ বিদ্যালয়ভবনের ছাদের বিভিন্ন স্থান দিয়ে বৃষ্টির পানি ক্লাসরুমে পড়ায় ছাত্রছাত্রীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটে। মাঝে মাঝেই আস্তর খুলে ছাত্রছাত্রীদের ওপর পড়ে। এমপিওভুক্তির কারণে এ বিদ্যালয় সরকারি বিভিন্ন সুবিধা পেয়ে আসছে। বর্তমানে ছাত্রছাত্রী সংখ্যা প্রায় ১৭০০ জন এবং শিক্ষক সংখ্যা ৩১ জন। বিদ্যালয়টি জেলার অন্যতম সেরা বিদ্যালয় হিসেবে পরিচিত। এ এলাকার যোগাযোগব্যবস্থা অত্যন্ত উন্নত হওয়ায় আন্তঃজেলা স্কুল প্রতিযোগিতার প্রায় সকল ইভেন্ট বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়া ছাড়াও এসএসসি, জেএসসি ও পিএসসি পরীক্ষা এ বিদ্যালয়কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে থাকে। বিভিন্ন সময় আশ্বাস পাওয়া গেলেও বিদ্যালয়ভবনটি সেই ৫৭ বছরের আগের অবস্থায়ই রয়েছে।  তাই বড়ো কোনো দুর্ঘটনা ঘটার আগেই ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনটির স্থলে তিন তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

ঢালী মোহাম্মদ আমিনুল ইসলাম

গ্রাম : ঘটকচর, ডাকঘর : মস্তফাপুর, জেলা : মাদারীপুর