গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা

বিগত কয়েক বছর ধরে চেষ্টার পরও চালু করা যায়নি কাঙ্ক্ষিত সেই গুচ্ছ ভর্তি পরীক্ষা। এবারে কয়েকটি কৃষি বিশ্ববিদ্যালয় একজোট হয়ে চেষ্টা করলেও শেষমেষ তা থেকে কয়েকটি বিশ্ববিদ্যালয় আবার পিছিয়েও এসেছে। ইউজিসির উচিত অতি দ্রুত এ মানবিক কাজে এগিয়ে আসা। নয়তো বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন সাধারণ পরিবারের ছেলেমেয়েদের জন্য অধরা হয়ে যাবে। একে তো ভর্তি ফরমের চড়া মূল্য, তার ওপর এক শহর থেকে অন্য শহরের দূরত্ব। এতে যাতায়াতে ভোগান্তিসহ খরচাপাতি ভালোই রয়েছে। যা সকল ছাত্রছাত্রীর পক্ষে মেটানো সম্ভব নয়। অনেকেই টিউশন করে বা বিভিন্ন জনের সহযোগিতায় পড়াশোনা করছে। তার পক্ষে এত টাকো জোগাড় করাও মুশকিল হয়ে যায়। এতে করে অনেক দরিদ্র মেধাবী তরুণ বঞ্চিত হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে। তাছাড়া অন্যদের যাতায়াত ভোগান্তি ও একইসঙ্গে দুই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণের তারিখ থাকছে। এতে ছাত্রছাত্রীরা যেমন ক্লান্ত হচ্ছে, একইভাবে অভিভাবকরাও দুর্ভোগ পোহাচ্ছেন। অনেক মেয়ে শিক্ষার্থীর অভিভাবক তো দূরদূরান্তে দৌড়াদৌড়ি মুক্ত থাকতে পরীক্ষাই দিতে দিচ্ছেন না। এ বিষয়ে অতি দ্রুত কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ আশা করছি।

সিরাজুল মোস্তফা

পটিয়া, চট্টগ্রাম