আগরতলায় বাংলাদেশি শিল্পীদের চিত্র প্রদর্শনী শুরু

ইত্তেফাক রিপোর্ট

ত্রিপুরার রাজধানী আগরতলার নজরুল কলাক্ষেত্রের আর্ট গ্যালারিতে শুরু হয়েছে বাংলাদেশি শিল্পীদের ৩ দিনব্যাপী চিত্রপ্রদর্শনী। ডায়মন্ড সিমেন্টের স্পন্সরে চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলনের আয়োজনে প্রদর্শনীতে চট্টগ্রামের ৩২ জন শিল্পীর ৬৯টি ছবি এবং একটি স্কাল্পচার স্থান পেয়েছে। গত রবিবার সন্ধ্যায় চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্য সরকারের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলনের সভাপতি আহমেদ নেওয়াজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনার কিরীটি চাকমা। বক্তব্য রাখেন আগরতলা চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অভিজিত্ ভট্টাচার্য, চট্টগ্রাম চারুশিল্পী পর্যদ ঢাকার উপদেষ্টা স্বপন আচার্য ও চিত্র প্রদর্শনীর আহ্বায়ক বিজন মজুমদার ।

প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী সান্তনা চাকমা বলেন, ভারত চায় বাংলাদেশ সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হোক। শিল্পকলার মতো অন্য বিষয়গুলো আদান-প্রদান হলে ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরো বেশি সৃদৃঢ় হবে এবং মানুষ উপকৃত হবেন।