আজ বিএনপির সিলেট বিভাগীয় সম্মেলন

সিলেট অফিস

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ মঙ্গলবার সিলেটে অনুষ্ঠিত হবে সিলেট বিএনপির বিভাগীয় মহাসমাবেশ। সিলেট রেজিস্টারি মাঠে বেলা ২টায় সম্মেলন শুরু হবে। সম্মেলনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও অঙ্গসংগঠন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে আরো উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস সহ কেন্দ্রীয়  বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা।

এদিকে গতকাল বিকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ ইত্তেফাককে জানান, তাদের সম্মেলন অনুষ্ঠানে পুলিশ নানাভাবে বাধা দিচ্ছে। রেজিস্টারি মাঠে মঞ্চ তৈরিতে পুলিশ বাধা দেয়। তৈরি মঞ্চের আকার ভেঙে ছোটো করতে হয় সিলেট কোতোয়ালি থানা পুলিশের নির্দেশে। এছাড়া গত দুদিনে ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ ও জকিগঞ্জ থেকে তাদের ১৫ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে তিনি অভিযোগ করেন।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হুসেইন বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট বিভাগীয় বিএনপির সমাবেশকে সফল করতে লিফলেট বিতরণকালে জকিগঞ্জে বিএনপি ও যুবদলের সাধারণ সম্পাদক ও ছাত্রদলের ৩ কর্মীকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ নিন্দা জানিয়ে বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে বিভাগীয় সমাবেশ সফল করতে লিফলেট বিলিকালে কোনো কারণ ছাড়াই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, ছাত্রদল কর্মী জাকির আহমদ, তারেক ও রাশেদ আহমদকে আটক করেছে। তিনি আটকৃতদের দ্রুত মুক্তির দাবি জানান।